পাবনায় অবৈধভাবে মজুত করা ৪৬৬ বস্তা সার জব্দ; ৩ ব্যবসায়ীকে জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

পাবনা প্রতিনিধিঃ

পাবনা সদর উপজেলায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে অভিযান চালিয়ে ৪৬৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তিন সার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে এ অভিযান চালানো হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, শ্রীকোলা গ্রামের মোহাম্মদ আলী মল্লিকে ছেলে ও মল্লিক ট্রেডার্সের স্বত্তাধিকারী বাচ্চু মল্লিক, একইগ্রামের আব্দুল আলীম মোল্লার ছেলে মোল্লা ট্রেডার্সের স্বত্তাধিকারী হেলাল মোল্লা ও মৃত আরশেদ আলী খানের ছেলে আসাদুজ্জামান কামাল। এদের মধ্যে বাচ্চু মল্লিককে ২০ হাজার টাকা, হেলাল মোল্লা ও আসাদুজ্জামান কামালকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এনএসআই পাবনার উপ-পরিচালক এবিএম লুৎফুল কবির জানান, অবৈধভাবে সার মজুতের গোপন তথ্যের ভিত্তিতে সকালে পাবনার সদর উপজেলার শ্রীকোল বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ৪৬৬ বস্তা সার জব্দ করা হয়। সারগুলো আট থেকে দশটি গোডাউনে গোপনে মজুত করা হয়েছিল। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার ইসলাম নাফিজ ভ্রাম্যমান আদালতে ৩ জন অবৈধভাবে সার মজুতকারীকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

জব্দকৃত সারের মধ্যে ইউরিয়া সার ১২ বস্তা, ডিএপি ৩৮৯ বস্তা, এমওপি ৬৫ বস্তা। জব্দকৃত এসব সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। বিক্রিকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে ১১ সদস্যদের একটি টিম অভিযান পরিচালনা করে। এছাড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম এবং আতাইকুলা থানা পুলিশ উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com