কালিয়ার বেন্দারচরে ৪৭টি বাড়ি ও দোকানে আগুন, ভাংচুর ও লুটপাট
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
নড়াইলের কালিয়া থেকে ফিরে; সাইফুল ইসলাম এর প্রতিবেদন:
নড়াইলের কালিয়ার বেন্দারচরে শুক্রবার অন্তত ৪৭টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট হয়েছে। স্বর্ণালঙ্কার, নগদ টাকা থেকে শুরু করে গরু-ছাগল, হাঁস-মুরগি-কবুতরও লুটের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ২৬টি বাড়িতে লুটপাটের পর ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফলে ওই পরিবারগুলোর সদস্যরা আশ্রয়হীন হয়ে পড়েছেন। বেশিরভাগেরই পরনের কাপড় ছাড়া সব কিছু পুড়ে গেছে। এছাড়া আরও অন্তত ১৫টি বাড়ি ও ছয়টি দোকানে ভাংচুর-লুটপাট হয়েছে।
গতকাল রোববার সরেজমিনে কালিয়ার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে এসব তথ্য জানা যায়। সেখানে ভুক্তভোগী পরিবারগুলোর নারী সদস্যদেরই শুধু পাওয়া গেছে। পুরুষরা ঘটনার পর এলাকাছাড়া। স্বজনরা বলছেন, সব হারিয়ে নিঃস্ব হওয়ার পাশাপাশি তারা এখনও আতঙ্কে আছেন।
এদিকে হামলার শিকার বাড়িঘরের এক-চতুর্থাংশই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তি ও তাঁর আত্মীয়-স্বজনের। বাকিরা নিজেদের অরাজনৈতিক হিসেবে দাবি করেছেন। তবে খোঁজ নিয়ে জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারের বেশিরভাগই আওয়ামী লীগের সমর্থক। তাদের দাবি, হামলাকারীরা আশপাশের এলাকার বিএনপি নেতাকর্মী।
বেন্দারচরে ক্ষতিগ্রস্তদের মধ্যে কোনো হিন্দু পরিবারের খোঁজ পাওয়া যায়নি। তবে একই রাতে বড় কালিয়া ঘোষ পাড়ায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও আগুন দেওয়া হয়।
হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বিভিন্ন পক্ষ থেকে বলা হয়, গত বুধবার বিএনপির স্থানীয় দুই নেতাকে হত্যার জের ধরে তাদের ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী এ হামলা চালায়। তবে নিহতের স্বজন ও বিএনপি নেতারা বলছেন, হামলায় তারা জড়িত ছিলেন না।
এ ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। জড়িত কাউকে আটকও করতে পারেনি পুলিশ।
কালিয়া থানা ওসি ইদ্রিস আলী সমকালকে বলেন, একটি দুর্ঘটনা ঘটলেও অনেক সময় বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আর এখানে দুটি খুনের ঘটনা ঘটেছে, তাই বিক্ষুব্ধ লোকজনই হামলা চালিয়ে থাকতে পারে। খবর পাওয়ার পরপরই আমরা যৌথ বাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ফলে বড় ধরনের ক্ষতি থেকে এই জনপদ রক্ষা পেয়েছে। গরুসহ কিছু মালপত্র ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অন্যত্র সরিয়ে নিয়েছেন। এগুলো আমরা তালিকা করে রেখেছি। আমরা খোয়া যাওয়া সাতটি গরু উদ্ধার করেছি।
বুধবার কালিয়া উপজেলা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় দুজন নিহত হন। তারা হলেন- কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা।
নিহত সোহেলের ভাই নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বলেন, সেদিন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বি্নপির মোটরসাইকেল শোভাযাত্রা হচ্ছিল। এর মধ্যে পুলিশ জানায়, বেন্দারচরে একটা ঝামেলা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তখন আমরা মিছিল নিয়ে বেন্দারচরে যাই। হঠাৎ দা-বঁটিসহ ধারালো অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। আমরা পালিয়ে বাঁচলেও ওই দুজন আটকা পড়েন। তখন তাদের নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই। তবে আমাদের কেউ এর বদলা নিতে হামলা চালায়নি। কারা হামলা করেছে সেটি বলতে পারছি না।
গতকাল দুপুরে ঘোষ পাড়ায় আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষের বাড়িতে গিয়ে দেখা যায়, পুড়িয়ে দেওয়া ঘর থেকে তখনও ধোঁয়া বেরুচ্ছে।দুটি দোতলা ভবন ও টিনসেড মিলিয়ে ১২টি ঘর পুরোপুরি পুড়ে গেছে। পরিবারের কাউকে পাওয়া যায়নি।
প্রতিবেশী শিক্ষক প্রভাস চক্রবর্তী বলেন, রাতে হইচই শুনে ভয়ে আর বের হইনি। পরে দেখি বাড়িটি পুড়িয়ে দিয়েছে। কারা করেছে তা বলতে পারব না।
আরেক প্রতিবেশী মিষ্টি বিক্রেতা বিনয় ঘোষ জানান, ঘোষপাড়ায় দুই শতাধিক হিন্দু পরিবারের বসবাস। আগুনের ঘটনার পর এলাকার সবাই আতঙ্কে আছেন।
বেন্দারচরে লুটপাট-আগুন
শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত কালিয়ার বেন্দারচরে চলে অরাজক পরিস্থিতি। শতাধিক অস্ত্রধারী ব্যক্তি বাড়ি ও দোকানে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে বলে জানান ভুক্তভোগীরা। স্থানীয়দের অভিযোগ, অর্ধশতাধিক বাড়ি-দোকান হামলার শিকার হয়েছে। এর মধ্যে ৪৭টিতে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে সমকাল। পুড়ে যাওয়া বেশিরভাগ বাড়িই আধাপাকা; কিছু একতলা-দোতলা বাড়িও রয়েছে।
গৃহবধু জেসমিন আক্তার দাবি করেন, তাঁর স্বামী আকমান সিকদার পেশায় ইজিবাইক চালক। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন। তারপরও শুক্রবার সন্ধ্যায় তাদের বাড়িতে দা, বঁটি, ছুরি নিয়ে হামলা চালানো হয়। তিনটি গরু, ১৫টি মুরগি ও দুই ভরি স্বর্ণের গহনা লুট করে তারা। পরে ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, ওই বাড়ির ঘরগুলোর সব কিছু পুড়ে গেছে। জিনিসপত্র কিছুই অক্ষত নেই। পুড়িয়ে দেওয়া একটি টিনসেড বাড়িতে গিয়ে গৃহবধু উন্নতি বেগমকে পাওয়া যায়। তিনি জানান, তাঁর ছেলে শামীম আইসক্রীম বিক্রি করেন। জুমার নামাজের কিছু সময় পরই তাঁর বাড়িতে হামলা হয়। হামলাকারীরা কেউ মুখে গামছা বেঁধে ছিল, কারও মুখে ছিল মাস্ক। তারা একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান, নগদ ৫০ হাজার টাকা ও ঘরে থাকা ধান লুট করে। পরে আগুন দেওয়া হয়।
ব্যবসায়ী মোয়াজ্জেম শেখের স্ত্রী লতিফা শেখ দাবি করেন, আগুনে তাদের ১০ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে। আর লুট করা হয়েছে, নগদ সাড়ে ৩ লাখ টাকা, ৩০ মণ ধান, ৬ মণ চাল, পাঁচ ভরি স্বর্ণের গহনা, দুটি গ্যাস সিলিন্ডার ও চারটি খাট। তাদের ধানের দোকানেও লুটপাট হয়েছে।
সাবেক এমপি কবিরুল হকের চাচাতো ভাই ঠিকাদার টিপু বিশ্বাসের বাড়িও পোড়ানো হয়েছে।তাঁর স্ত্রী ফরিদা বেগমের ভাষ্য, ৭ ভরি স্বর্ণের গহনা, ২০টি থ্রিপিস, ১৫টি শাড়ি লুট করা হয়েছে। বাকি সব কিছুতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পোড়ানো হয়েছে তাঁর স্বামীর মেটরসাইকেলও।
সাবেক এমপির তিন চাচাতো ভাই বি এম আনসিুল হক পিকলু, ভুলু বিশ্বাস ও এনামুল হক দুলুর বাড়িতেও আগুন দেওয়া হয়। পিকলুর স্ত্রী ফারজানা পারভীন বলছেন, তাঁর ২০ বস্তা ধান, পাঁচটি গাভী, তিনটি এঁড়ে বাছুর, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও ঘরের দামি সব আসবাবপত্র ছাড়াও পালন করা হাঁসু-মুরগি-কবুতর লুট করা হয়েছে।
বেন্দারচরের মধ্যপাড়া এলাকায় সাবেক এমপি কবিরুল হকের বাড়ি। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। গতকাল বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, তাঁর দোতলা বাড়ি ছাড়াও ছয় চাচাতো ভাইয়ের বাড়িতে লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই বাড়িগুলোর মালিকরা হলেন- সৌদিআরব প্রবাসী পরশমণি বিশ্বাস, সাবেক মেয়র এমদাদুল হক টুকু, শেরেকুল বিশ্বাস, টুলু বিশ্বাস, রিপু বিশ্বাস ও শিপু বিশ্বাস।
শিপু বিশ্বাসের স্ত্রী নাদিরা পারভীন সাথী জানান, আগুনে সব পুড়ে গেছে। এক বেলা খাওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। রাতে থাকতে হচ্ছে আত্মীয়ের বাড়িতে গিয়ে।
একই এলাকায় এমপির আত্মীয়-স্বজনের মধ্যে মহিউদ্দিন বিশ্বাস, হারুন মোল্যা, আকবর মোল্যা, জাবেদ মোল্যা, শরিফুল মাস্টার, মনিরুল বিশ্বাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ভাংচুর-লুটপাট করা হয়েছে রফিকুল বিশ্বাস ও আশিকুল বিশ্বাসের বাড়ি।
এ ছাড়াও বেন্দারচরের অনেক বাড়িতে লুটপাট ও ভাংচুর করা হয়েছে। এই তালিকায় রয়েছে মফিজুর রহমান শেখ, মো. এলাহী, লেকজান বেগম, বশার শেখ, রেজাউল মোল্লা, শিমুল শেখ, আকবর শেখ, হুমায়রা খানম ও মোহাম্মদ আলী। ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের মধ্যে রয়েছেন জাহিদুল, আলাউদ্দিন, খাজা শেখ ও নূর ইসলাম। বিপ্লব এন্টারপ্রাইজ নামে একটি নির্মাণ সামগ্রীর দোকানেও আগুন দেওয়া হয়েছে।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন জানায়, তারা শুক্রবার রাত পৌনে ৯টার দিকে বেন্দারচরে আগুনের খবর পান। এরপর তাদের দুটি ইউনিট গিয়ে পাঁচ-ছয়টি বাড়ির আগুন নেভায়। তবে আরও অনেক বাড়িতে একই সময়ে আগুন জ্বলছিল।
এদিকে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু বলেন, দলের কেউ বা নিহত দুই নেতার স্বজন হামলার সঙ্গে জড়িত ছিলেন না। বেন্দারচরে গ্রামবাসীদের দুটি পক্ষের মধ্যে বিরোধ অনেক পুরোনো। এর জের ধরে বিবাদমান দুটি পক্ষের প্রধান এখলাস ও নওয়াব অনেক বছর আগেই খুন হন। সেরকম কোনো বিরোধে এসব হামলা-ভাংচুর হয়ে থাকতে পারে।