সোনারগাঁওয়ে ২ দিনে ৩০৭ জন আওয়ামীলীগ নেতাকর্মীর নামে ২টি মামলা করেছে পুলিশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ এএম

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামীলীগের ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান, নাশকতার ষড়যন্ত্র ও বাসে ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করেছে সোনারগাঁও পুলিশ। দুই মামলায় দলটির শীর্ষ নেতাসহ ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা প্রায় ১৪০ জনকে আসামি করা হয়েছে।

গত শনিবার রাতে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক মামলা দুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে প্রথম মামলাটি শুক্রবার (২০ নভেম্বর) রাতে দায়ের করা হয়। সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বাদী হয়ে মামলাটি করেন। এরপর শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে থানার আরেক উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া বাদী হয়ে দ্বিতীয় মামলাটি করেন।

দুটি মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পরিচয়ে প্রকাশ্যে সড়কে ঝটিকা মিছিল বের করে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেন। দেশকে অস্থিতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে লকডাউনের দিনে কাঁচপুর ব্রীজ সংলগ্ন ঢাকাগামী যাত্রীবাহী বাস ও মীরেরটেক জামে মসজিদ এলাকায় খড় বোঝাই ট্রাকে আগুন দিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ও পাঁয়তারা করছিলেন।

এসআই শামীম রেজা বাদী হয়ে করা প্রথম মামলায় ৯৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলায় আরেক উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামী করা হয় নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি মো. জসিম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাবেক এম পি আব্দুল্লাহ আল কায়সার, সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি সগির মিয়া।, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসকে সজিব ও মোস্তাফিজুর রহমান মাসুম, আবু নাঈম ইকবালসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মী সমরর্থকদের আসামি করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রুজু করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com