টানা বৃষ্টিতে বিপাকে পাঁচবিবির কৃষক, ফসলহানির শঙ্কা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে জয়পুরহাটের পাঁচবিবিতে টানা তিন দিনের বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।
মাঠে কেটে রাখা পাকা আমন ধান ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি আগাম আলু ও শীতকালীন সবজির ক্ষেতে পানি জমে ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া বৃষ্টির কারণে কাজে যেতে না পেরে আয়-রোজগার বন্ধ হয়ে গেছে স্থানীয় দিনমজুরদের।
রবিবার ২২ নভেম্বর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, পানিতে ভিজে কেটে রাখা ধানের গুণগত মান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এবং কোথাও কোথাও ধানগাছ হেলে পরেছে। জমে থাকা পানি সরাতে কৃষকরা জমিতে নালা কাটছেন।
হাটখোলা গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন জানান, তার ৫ বিঘা জমির কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজে গেছে; রোদ না উঠলে তা নষ্ট হয়ে যাবে। ধরঞ্জী গ্রামের কৃষক ইউনুস আলী জানান, দুই দিন আগে রোপণ করা তার প্রায় ২ বিঘা আগাম আলুর জমিতে পানি জমে থাকায় বীজ নষ্ট হয়ে বড় ক্ষতির মুখে পড়ার শঙ্কায় আছেন তিনি।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ জানান, আবহাওয়া অনুকূলে আসামাত্রই ৮০ শতাংশ পাকা ধান দ্রুত কেটে নিরাপদ স্থানে নিতে হবে। ভেজা ধান স্তূপ না করে বাতাস চলাচল করে এমন স্থানে পাতলা করে বিছিয়ে রাখতে হবে।
এ ছাড়া আলু, সরিষা ও সবজির জমি থেকে দ্রুত পানি নিষ্কাশন করে ছত্রাকজনিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে।