চীন-পাকিস্তান যৌথ মহাকাশ যাত্রা: তিয়ানগংয়ে যাচ্ছেন জিশান আলী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম

মোঃ মিলন শাহ , বিশেষ প্রতিনিধি :

চীনের মহাকাশ গবেষণা কর্মসূচিতে নতুন এক ইতিহাস রচিত হতে যাচ্ছে। দেশটির ‘শেনঝো-২৪’ মনুষ্যবাহী মহাকাশ অভিযানে দুই চীনা নভোচারীর সঙ্গে সঙ্গী হচ্ছেন পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী। এর মধ্য দিয়ে চীনের ‘তিয়ানগং’ মহাকাশ স্টেশনে পা রাখতে যাওয়া প্রথম বিদেশি নভোচারী হতে যাচ্ছেন তিনি।  

​মঙ্গলবার (২৪ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলি অনলাইন ও সংবাদ সংস্থা সিনহুয়া চায়না ম্যানড স্পেস এজেন্সির (সিএমএসএ) বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

সিএমএসএ - এর মুখপাত্র ঝাং জিংবো এক সংবাদ সম্মেলনে জানান, আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শেনঝো-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। লং মার্চ-২এফ রকেটে চড়ে নভোচারীরা মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবেন।  

এই অভিযানে তিন সদস্যের ক্রু দলে থাকছেন চীনা নভোচারী তাং হংবো, উ ইয়ি এবং পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী। তারা যথাক্রমে মহাকাশযান পাইলট (কমান্ডার), ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন।  

​তাং হংবো (কমান্ডার): অভিজ্ঞ এই চীনা নভোচারী এর আগে শেনঝো-১২ এবং শেনঝো-১৭ অভিযানে অংশ নিয়েছিলেন। এই যাত্রার মাধ্যমে তিনিই প্রথম নভোচারী হিসেবে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে তিনবার ভ্রমণের রেকর্ড গড়তে যাচ্ছেন।  

​উ ইয়ি (ফ্লাইট ইঞ্জিনিয়ার): তিনি চীনের তৃতীয় ব্যাচের নভোচারীদের একজন এবং এটিই হতে যাচ্ছে তাঁর জীবনের প্রথম মহাকাশ অভিযান।

​মুহাম্মদ জিশান আলী (পেলোড বিশেষজ্ঞ): চীন ও পাকিস্তানের দ্বিপাক্ষিক মহাকাশ সহযোগিতা চুক্তির আওতায় নির্বাচিত ৪০ বছর বয়সী এই নভোচারীরও এটি প্রথম মহাকাশ যাত্রা।

সিএমএসএ-এর পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তানি নভোচারী জিশান আলী তিয়ানগং স্টেশনে একটি স্বল্পমেয়াদী অভিযানে অংশ নেবেন। কক্ষপথে অবস্থানকালে তিনি দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে বায়োটেকনোলজি এবং ম্যাটেরিয়াল সায়েন্স সংক্রান্ত চারটি বৈজ্ঞানিক প্রকল্পের পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করবেন। স্বল্পমেয়াদী এই কাজ শেষে তিনি বর্তমানে মহাকাশে অবস্থানরত ‘শেনঝো-২৩’ মহাকাশযানে চড়ে দুই চীনা নভোচারীর সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন। ​অন্যদিকে, শেনঝো-২৩ ক্রু দলের সদস্য ঝু ইয়াংঝু পৃথিবীতে না ফিরে শেনঝো-২৪ দলের সঙ্গে যুক্ত হয়ে মহাকাশেই থেকে যাবেন। এর মাধ্যমে তিনি প্রথম চীনা নভোচারী হিসেবে টানা এক বছর মহাকাশে অবস্থানের মাইলফলক স্পর্শ করবেন। 

উল্লেখ্য, শেনঝো-২৪ অভিযানের উৎক্ষেপণকে সামনে রেখে তিয়ানগং স্টেশনে অবস্থানরত শেনঝো-২৩ ক্রুরা ইতিমধ্যে মহাকাশে সংযোগ বা ‘স্পেস রঁদেভু’র (space rendezvous) প্রস্তুতি সম্পন্ন করেছেন।

তথ্য সূত্র :পিপলস ডেইলি অনলাইন, সিনহুয়া, সি,এম,এস,এ , রয়টার্স

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com