চট্টগ্রামে তৈরি হবে এন্টিভেনম, ৪৪ কোটি টাকার প্রকল্প

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান :

দেশীয় বিষধর সাপের বিষের বৈশিষ্ট্য অনুযায়ী এন্টিভেনম তৈরি এবং সাপের কামড়ে মৃত্যুহার কমাতে প্রায় ৪৪ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশকে (ভিআরসি,বি) পূর্ণাঙ্গ জাতীয় ভেনম গবেষণা কেন্দ্রে উন্নীত করা হবে। লক্ষ্য, আমদানিনির্ভরতা কমিয়ে দেশে নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী অ্যান্টিভেনম উৎপাদনের সক্ষমতা গড়ে তোলা।

স্বাস্থ্য অধিদপ্তরের ২০২২ সালের দেশব্যাপী জরিপ অনুযায়ী, বাংলাদেশে বছরে প্রায় চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন। তাঁদের মধ্যে মারা যান আনুমানিক ৭ হাজার ৫০০ জন। আক্রান্তদের অধিকাংশই ৩০ থেকে ৪০ বছর বয়সী কর্মক্ষম মানুষ। ফলে এসব মৃত্যুতে অনেক পরিবার আর্থিক ও সামাজিক সংকটে পড়ে।

‘স্ট্রেংদেনিং অব ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি,বি)’ শীর্ষক প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯৯ লাখ টাকা। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত তিন বছর মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর পুরো অর্থায়ন করবে সরকার।

প্রকল্পের আওতায় আধুনিক গবেষণাগার স্থাপন, আন্তর্জাতিক মান অনুসরণ করে সাপ পালন, বিষ সংগ্রহ ও বিশ্লেষণ এবং অ্যান্টিভেনমের কার্যকারিতা পরীক্ষার ব্যবস্থা করা হবে। পাশাপাশি সাপের কামড়ের চিকিৎসায় ক্লিনিক্যাল নির্দেশিকা প্রণয়ন, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং রোগীদের তথ্যভান্ডার গড়ে তোলা হবে।

আমদানির এন্টিভেনমে কার্যকারিতার সীমাবদ্ধতা

বর্তমানে বাংলাদেশে ব্যবহৃত এন্টিভেনমের বড় একটি অংশ ভারত থেকে আমদানি করা হয়। উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, এসব এন্টিভেনম মূলত ভারতের প্রধান চার প্রজাতির বিষধর সাপের বিষের বিরুদ্ধে তৈরি, যা ‘বিগ ফোর’ নামে পরিচিত। কিন্তু বাংলাদেশের বিষধর সাপের প্রজাতি ও বিষের গঠনে পার্থক্য থাকায় আমদানি করা এন্টিভেনম সব ক্ষেত্রে সমান কার্যকর নয়। এর কার্যকারিতা আনুমানিক ৪০ থেকে ৬০ শতাংশ।

এ কারণে দেশীয় প্রজাতির সাপের বিষের বৈশিষ্ট্য অনুযায়ী এন্টিভেনম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে সংগৃহীত বিষের ভিত্তিতে এন্টিভেনম তৈরি করা গেলে চিকিৎসার কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকেরা।

গবেষণার ভিত্তি চট্টগ্রামে

দেশীয় এন্টিভেনম তৈরির লক্ষ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) কর্মসূচির আওতায় ২০১৭-১৮ অর্থবছরে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভেনম রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা হয়। তবে ২০২৪ সালে এনসিডিসি কর্মসূচি ও এর পরিচালন পরিকল্পনা বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির কার্যক্রম অব্যাহত রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

বাসসকে কেন্দ্রটির প্রধান গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, নতুন প্রকল্পটি কেন্দ্রকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের নিজস্ব বিষধর সাপের বিরুদ্ধে এন্টিভেনম তৈরির পথ সুগম করবে। প্রকল্প পরিচালক নিয়োগের পর শিগগিরই কার্যক্রম শুরু হবে।

বর্তমানে প্রায় ৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে কেন্দ্রটিতে রয়েছে সর্পশালা, ইঁদুর প্রজনন কক্ষ, সাপের চিকিৎসাকেন্দ্র, কোয়ারেন্টাইন কক্ষ ও গবেষণাগার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত ৩৭০টির বেশি সাপের নমুনা রয়েছে সেখানে। এসবের মধ্যে গোখরা, কিং কোবরা, কালাচ, চন্দ্রবোড়া ও সবুজ পিট ভাইপার উল্লেখযোগ্য।

কেন্দ্রটির গবেষকেরা বন্দি অবস্থায় থাকা ১১ প্রজাতির সাপ থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে এ পর্যন্ত ১ হাজার ৫০৪ দশমিক ৭৮ গ্রাম বিষ সংগ্রহ করেছেন। চন্দ্রবোড়ার বিষের বিরুদ্ধে এন্টিভেনম তৈরির ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে অর্থের অভাবে উদ্যোগটি এখনো সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

গবেষণায় কৌশলগত অবস্থান চট্টগ্রামের

চট্টগ্রাম বিভাগের ভৌগোলিক ও পরিবেশগত বৈচিত্র্যের কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজকে জাতীয় ভেনম গবেষণা কেন্দ্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি ছাড়াও উপকূলীয়, বনাঞ্চল ও গ্রামীণ এলাকায় বিষধর সাপের উপস্থিতি রয়েছে। ভারত ও মিয়ানমারের কাছাকাছি অবস্থানের কারণে এ অঞ্চলে বিভিন্ন প্রজাতির সাপের বিস্তার এবং বিষের গঠনগত পার্থক্য নিয়ে গবেষণারও সুযোগ রয়েছে।

প্রকল্পের আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোটিন ল্যাবসহ বিভিন্ন গবেষণা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানের সহযোগিতায় গবেষণা, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, জনবল প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি হবে।

অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কেন্দ্রটি সরীসৃপবিদ, প্রাণিবিজ্ঞানী এবং বিষ ও প্রোটিন নিয়ে কাজ করা বিজ্ঞানীদের জন্য বিশেষায়িত গবেষণাগার হিসেবে কাজ করবে। বিভিন্ন প্রজাতির সাপের বিষ সংগ্রহ, তা থেকে অ্যান্টিবডি তৈরি এবং সেগুলোর কার্যকারিতা যাচাই হবে কেন্দ্রটির প্রধান কাজ। সংগৃহীত বিষ দেশীয় চাহিদা অনুযায়ী এন্টিভেনম তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হবে।

তিনি বলেন, ‘এই কেন্দ্র প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে এন্টিভেনম আমদানির প্রয়োজন কমানো, এমনকি আমদানি পুরোপুরি বন্ধ করাও সম্ভব হতে পারে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাপের কামড়ে বিষক্রিয়াকে বিশ্বের অন্যতম অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০৩০ সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যু ৫০ শতাংশ কমানোর বৈশ্বিক লক্ষ্যমাত্রার সঙ্গেও প্রকল্পটি সামঞ্জস্যপূর্ণ।

তবে এ উদ্যোগের সফলতা নির্ভর করবে গবেষণার ধারাবাহিকতা, দক্ষ জনবল, পর্যাপ্ত অর্থায়ন এবং আন্তর্জাতিক মান বজায় রেখে অ্যান্টিভেনম উৎপাদনের সক্ষমতা অর্জনের ওপর। এসব নিশ্চিত করা গেলে চট্টগ্রামের গবেষণাকেন্দ্রটি দেশের সাপের কামড়ের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com