চট্টগ্রামে শুক্রবার কর অঞ্চল-৩-এর নিয়োগ পরীক্ষা, যেসব নিষেধাজ্ঞা সিএমপির
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
চট্রগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামে কর অঞ্চল-৩-এর ১৩তম থেকে ২০তম গ্রেডের নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরীর পাঁচটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ, মিছিল, অস্ত্রশস্ত্র বহনসহ বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বুধবার (২৫ নভেম্বর) সিএমপির সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরীর পাঁচটি কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য ও ইট-পাথরসহ এ ধরনের সামগ্রী বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। একই সাথে মিছিল, সভা-সমাবেশ, উচ্চস্বরে চিৎকার, হইচই, গান-বাজনা এবং মাইক্রোফোন, লাউডস্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার করা যাবে না।
এ ছাড়া নির্ধারিত এলাকায় ফটোকপি মেশিন বন্ধ রাখার পাশাপাশি বহিরাগত, অননুমোদিত ও অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নির্ধারিত পাঁচটি পরীক্ষা কেন্দ্র হলো নগরীর জাকির হোসেন রোডের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নাসিরাবাদের চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খুলশীর চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, জামালখান রোডের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কোতোয়ালী থানার দামপাড়া এলাকার বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজ।
জনস্বার্থে জারি করা এ নিষেধাজ্ঞা শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলোতে কার্যকর থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিএমপি।