তৃতীয় বৃহৎ শক্তি ভারত: বাংলাদেশের কূটনীতিতে ভারসাম্যের পরীক্ষা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

বিশ্ব রাজনীতিতে ক্ষমতার পালাবদল শুধু শক্তিধর রাষ্ট্রগুলোর অবস্থান বদলায় না, প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক হিসাব-নিকাশও নতুন করে সাজায়। অস্ট্রেলিয়াভিত্তিক লোয়ি ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইনডেক্সে যুক্তরাষ্ট্র ও চীনের পর ভারতের তৃতীয় অবস্থান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে তেমনই এক নতুন বাস্তবতা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামরিক সক্ষমতা ও আন্তর্জাতিক প্রভাবের বিস্তারে ভারত ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। এই উত্থান বাংলাদেশের জন্য যেমন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করছে, তেমনি বাড়াচ্ছে কূটনৈতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ।

বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন—বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে নিজের জাতীয় স্বার্থ কতটা সুরক্ষিত রাখা সম্ভব? এ ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি হতে পারে কার্যকর কূটনৈতিক ভিত্তি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঘোষিত এই দর্শনের মূল কথা হলো, কোনো রাষ্ট্র বা শক্তিবলয়ের প্রতি অতিনির্ভরশীল না হয়ে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এটি কারও বিরোধিতা নয়, বরং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সক্ষমতা অর্জন।

এই নীতির সবচেয়ে বড় পরীক্ষা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। দুই দেশের ৪ হাজার ৯৬ কিলোমিটারের বেশি স্থলসীমান্ত, ৫৪টি অভিন্ন নদী এবং গভীর অর্থনৈতিক ও নিরাপত্তাগত আন্তঃনির্ভরতা রয়েছে। অথচ সীমান্ত হত্যা, তিস্তার পানিবণ্টন, বাণিজ্যিক বৈষম্য এবং শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কে আস্থার সংকট তৈরি করেছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বাংলাদেশের প্রয়োজন, কিন্তু সেই সম্পর্ক কখনো একতরফা নির্ভরশীলতার ভিত্তিতে হতে পারে না। সহযোগিতার পাশাপাশি ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় অবস্থানই হওয়া উচিত ঢাকার কূটনৈতিক নীতি।

অন্যদিকে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং অবকাঠামো উন্নয়নের গুরুত্বপূর্ণ সহযোগী। বন্দর, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে চীনের বিনিয়োগ অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করলেও ঋণনির্ভরতা ও দীর্ঘমেয়াদি আর্থিক দায়ের ঝুঁকি বিবেচনায় রাখা জরুরি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার, বিশেষত তৈরি পোশাকশিল্পের জন্য অপরিহার্য। তবে গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার ও ইন্দো-প্যাসিফিক কৌশল ঘিরে ওয়াশিংটনের অবস্থানও বাংলাদেশের জন্য কূটনৈতিক চাপ তৈরি করে।

অর্থাৎ ভারত, চীন ও যুক্তরাষ্ট্র—তিন শক্তির স্বার্থের সংযোগস্থলে দাঁড়িয়ে বাংলাদেশ। বঙ্গোপসাগর, আঞ্চলিক যোগাযোগ, বন্দর ও সরবরাহব্যবস্থার কারণে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়েছে। এই গুরুত্বকে কাজে লাগাতে হলে কোনো একক শক্তির বলয়ে আবদ্ধ হওয়া যাবে না। জাপান, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্য, তুরস্ক, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বাড়াতে হবে। পাশাপাশি বিমসটেক ও আসিয়ানের সঙ্গে সহযোগিতা জোরদার এবং সার্ক পুনরুজ্জীবনের কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার হওয়া উচিত তিনটি—ভারতের সঙ্গে অমীমাংসিত সমস্যার ন্যায্য সমাধান, বৈদেশিক অর্থনৈতিক অংশীদারত্ব বহুমুখীকরণ এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক কৌশলগত সম্ভাবনার সদ্ব্যবহার। রোহিঙ্গা সংকট সমাধান, সীমান্ত হত্যা বন্ধ, জ্বালানি নিরাপত্তা ও রপ্তানি বাজার সম্প্রসারণেও কার্যকর কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।

এ ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুর্বল অর্থনীতি নিয়ে শক্তিশালী কূটনীতি পরিচালনা করা কঠিন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি, রপ্তানি বহুমুখীকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক খাতের সংস্কারকে তাই পররাষ্ট্রনীতির সঙ্গে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।

ভারতের তৃতীয় বৃহৎ শক্তি হয়ে ওঠা বাংলাদেশের জন্য বাস্তবতা; কিন্তু সেই বাস্তবতায় বাংলাদেশের অবস্থান কী হবে, তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশেরই। বড় শক্তির প্রতিযোগিতায় কারও পক্ষ নেওয়া নয়, বরং সবার সঙ্গে কার্যকর সম্পর্ক রেখে নিজের স্বার্থ আদায় করাই হবে প্রকৃত কূটনৈতিক সাফল্য। ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’—এই নীতির আধুনিক প্রয়োগই হোক ‘বাংলাদেশ ফার্স্ট’। কারণ পররাষ্ট্রনীতির সাফল্য কতটা শক্তিধর রাষ্ট্রের ঘনিষ্ঠ হওয়া গেল, তা দিয়ে নয়; বরং দেশের সার্বভৌমত্ব, মর্যাদা ও ন্যায্য অধিকার কতটা রক্ষা করা গেল, তা দিয়েই নির্ধারিত হবে।

লেখক: মোহাম্মদ হাসান, সাংবাদিক ও কলামিস্ট।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com