বোরহানউদ্দিন পৌরসভার সামনে চকলেট বোমা বিস্ফোরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম
আবুল বাশার বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত আনুমানিক পৌনে ৩টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার সামনে চকলেট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনা ঘটার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই রাত আনুমানিক ৩:৩০ এর দিকে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সকালে পুনরায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করে নিয়ে যায়। ঘটনায় মাস্ক পরিহিত তিনজন ব্যক্তি জড়িত থাকতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, রাতের ওই ঘটনার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে আসে এবং সকালে পুনরায় এসে সিসিটিভি ফুটেজসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে নিয়ে যায়। ফুটেজ দেখে কাউকে শনাক্ত করা গেছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাঁদের এখনো কিছু জানানো হয়নি। আইনি পদক্ষেপ বা মামলার বিষয়ে তিনি বলেন, বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে মৌখিকভাবে অবগত করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর প্রক্রিয়া রয়েছে। বর্তমানে পুরো বিষয়টি পুলিশের তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রব আলী জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে সিসিটিভি ফুটেজসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি; তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।