ধান সংগ্রহে সিন্ডিকেট চলবে না, কৃষক হয়রানির শিকার হলেই কঠোর ব্যবস্থা: খাদ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের কালাইয়ে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

শনিবার ২১ নভেম্বর বেলা সাড়ে ১১টায় কালাই উপজেলা খাদ্যগুদাম চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারি ধান সংগ্রহ কার্যক্রম কোনো সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগী চক্রের কাছে জিম্মি হতে দেওয়া হবে না। প্রতিটি ক্রয়কেন্দ্রে সার্বক্ষণিক তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োজিত রয়েছেন। গুদামে ধান সরবরাহ করতে গিয়ে কোনো কৃষক হয়রানি বা অনিয়মের শিকার হলে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক অথবা তাঁকে জানানোর আহ্বান জানান তিনি।

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এ বছর প্রতি কেজি আমন ধানের সরকারি মূল্য ৩৫ টাকা (মণপ্রতি ১ হাজার ৪০০ টাকা) নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। বর্তমানে খোলাবাজারে ধানের দাম কিছুটা কম থাকায় তিনি কৃষকদের সরকারি গুদামে ধান বিক্রির পরামর্শ দেন। এছাড়া নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার পরও কৃষকেরা ধান নিয়ে এলে তা কেনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ মৌসুমে সারা দেশে ৩ লাখ মেট্রিক টন এবং জয়পুরহাট জেলায় মোট ৩ হাজার ৯০৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জেলার সদর উপজেলায় ৯৪৩ মেট্রিক টন, পাঁচবিবিতে ১ হাজার ৯২ মেট্রিক টন, কালাইয়ে ৬৬৩ মেট্রিক টন, আক্কেলপুরে ৬০৯ মেট্রিক টন এবং ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদসহ স্থানীয় প্রশাসন, কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মিল মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com