গঙ্গাচড়ায় নানা আয়োজনে অসকসের সশস্ত্রবাহিনী দিবস উদযাপন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম
রফিকুল ইসলাম সাবুল : (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্রবাহিনী দিবস উদযাপন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশের উপজেলা শাখা। শনিবার (২২ নভেম্বর) জাতীয় ও সশস্ত্রবাহিনীর পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে নীরবতা পালন, বিশেষ মোনাজাত, বর্ণাঢ্য শোভাযাত্রা, সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার। এতে সভাপতিত্ব করেন অসকসের উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলাম রব্বানী রঞ্জু।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, ভেটেরিনারি সার্জন ডা. মো. রোকনুজ্জামান, গঙ্গাচড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী।
অসকসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট নুরুল হক সিএমপির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা ও জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, অসকসের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।