চট্টগ্রাম রেঞ্জে এক দিনে বিভিন্ন মামলায় ৭২৭ গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় এক দিনে ৭২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) ২৪ ঘণ্টাব্যাপী পরিচালিত অভিযানের ফলাফল শনিবার (২১ নভেম্বর) বিকেলে প্রকাশ করা হয়।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৫৬ জন, পূর্ববর্তী মামলায় ১১৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২২ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৯৪ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৬৭ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকসংশ্লিষ্ট ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ১০৪ জন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ১২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নোয়াখালীতে ২৩ জন, কুমিল্লায় ২২ জন, চট্টগ্রামে ১০ জন, লক্ষ্মীপুরে সাতজন, ব্রাহ্মণবাড়িয়ায় ছয়জন, কক্সবাজার ও চাঁদপুরে পাঁচজন করে, খাগড়াছড়িতে পাঁচজন, ফেনীতে দুজন এবং রাঙামাটিতে একজন রয়েছেন।

অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩২০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৪৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৭৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্য আটকের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায়, ১৬৬ জন। এ ছাড়া লক্ষ্মীপুরে ৪১ জন, চট্টগ্রামে ৩৮ জন, কক্সবাজারে ১৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জন, খাগড়াছড়িতে ১১ জন, নোয়াখালীতে নয়জন, চাঁদপুরে সাতজন, বান্দরবানে সাতজন, ফেনীতে পাঁচজন এবং রাঙামাটিতে চারজনকে আটক করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com