টেকনাফে বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) পৃথক দুটি অভিযানে একটি প্রাইভেট কার ও একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। এ সময় ১৮ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যদিকে, নৌকা থেকে উদ্ধার করা হয়েছে আরও ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা। তবে নৌকায় থাকা দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে টেকনাফের শাপলা চত্বর এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল। সকাল সাড়ে ৬টার দিকে একটি সাদা রঙের প্রাইভেট কার সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়ির পেছনের সিটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িচালক মো. ইয়াসিন (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
এদিকে, একই দিন সকালে নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় ইয়াবার আরেকটি চালান প্রবেশের গোপন তথ্য পেয়ে বিশেষ টহল জোরদার করে বিজিবি। সকাল সাড়ে ১০টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় দুই ব্যক্তিকে নদীপথে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করলে তাঁরা নৌকা ও মালামাল ফেলে পাশের কেওড়াবাগানে পালিয়ে যান।
পরে বিজিবি সদস্যরা নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। বিজিবির তথ্যমতে, পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন ইমরান ও ইয়াসের (২৪)। তাঁদের আটকের জন্য প্রয়োজনীয় অভিযান অব্যাহত রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবা, প্রাইভেট কার, নৌকা ও মোবাইল ফোনসহ জব্দ করা মালামাল এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।