গাজীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. জাহিদুল ইসলামকে (৩৫) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ২১ নভেম্বর বিকেলে টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিএসসি, রংপুর এবং এসআরবি-১, সিপিসি-২, উত্তরা, ঢাকার একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। ২১ নভেম্বর বিকেল ৩টা ৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
জাহিদুল ইসলাম রংপুরের মিঠাপুকুর থানার পাহাড়পুর বালারহাট গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা ছিল।
এসআরবি জানায়, গ্রেপ্তারের পর জাহিদুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী অধিনায়কের পক্ষে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।