রাজনৈতিক দমন-পীড়ন নয়, প্রয়োজন সহনশীলতা ও গণতান্ত্রিক সহাবস্থান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ এএম

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা আবারও একটি গুরুত্বপূর্ণ সত্য সামনে এনেছে—ভয় দেখিয়ে মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা দমন করা যায় না, সাময়িকভাবে নীরব রাখা যায় মাত্র। কোনো আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচির জবাবে যত বেশি কঠোরতা, দমন-পীড়ন ও বলপ্রয়োগের আশ্রয় নেওয়া হয়, অনেক ক্ষেত্রে ততই মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ জমতে থাকে। একপর্যায়ে সেই ক্ষোভ রাজপথে প্রকাশ পায়। অথচ ক্ষমতাসীনদের একটি অংশ মানুষের নীরবতাকে সম্মতি এবং ভীতিকে রাজনৈতিক সমর্থন হিসেবে বিবেচনা করতে অভ্যস্ত। ইতিহাস বলে, এই ভুল হিসাবই অনেক সরকারের পতনের পথ তৈরি করেছে।

রাজনীতিতে কোনো অস্থিরতা কিংবা সংঘাতকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। একটি স্ফুলিঙ্গ থেকে অগ্নিকাণ্ড ঘটতে হলে অনুকূল পরিবেশ প্রয়োজন। তাই রাজনৈতিক সংঘাতের কারণ অনুসন্ধানে শুধু তাৎক্ষণিক ঘটনাকে দায়ী করলেই চলবে না; দেখতে হবে, দীর্ঘদিনের ক্ষোভ, অবিশ্বাস, রাজনৈতিক বঞ্চনা, প্রতিহিংসা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি অনাস্থা কীভাবে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এসব কারণ উপেক্ষা করে কেবল শক্তি প্রয়োগের মাধ্যমে স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা শেষ পর্যন্ত আরও বড় সংকট ডেকে আনতে পারে।

বাংলাদেশের রাজনীতিতে এই সংকট নতুন নয়। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে নির্মূল করার প্রবণতা বারবার ফিরে এসেছে। মামলা, গ্রেপ্তার, সভা-সমাবেশে বাধা এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের বিরুদ্ধে উঠেছে। ফলে রাজনৈতিক প্রতিহিংসা একটি দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর মানুষের আস্থা দুর্বল করেছে। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো ভিন্নমত প্রকাশের অধিকার। সেই অধিকার সংকুচিত হলে রাজনীতি স্বাভাবিক প্রতিযোগিতার ক্ষেত্র হারিয়ে সংঘাতের দিকে এগিয়ে যায়।

চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের অবসান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় বাঁক। দলটির শাসনামলে সংঘটিত হত্যা, গুম, দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের নিরপেক্ষ বিচার হওয়া জরুরি। একই সঙ্গে এটিও মনে রাখতে হবে, কোনো রাজনৈতিক দলের অপরাধের দায় তার প্রত্যেক কর্মী-সমর্থকের ওপর চাপিয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ব্যক্তির অপরাধের বিচার হতে হবে ব্যক্তির দায় ও প্রমাণের ভিত্তিতে, দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব শেষ পর্যন্ত জনগণের। তবে দলটির নেতৃত্বকেও অতীতের ভুল, অপরাধ ও রাজনৈতিক দায় স্বীকার করে আত্মসমালোচনার মধ্য দিয়ে এগোতে হবে। গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে হলে সহিংসতা, প্রতিশোধের মনোভাব এবং অতীতের কর্তৃত্ববাদী চর্চা পরিহার করা অপরিহার্য। অন্যদিকে, সরকারকেও নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে দীর্ঘদিন একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে রাজনৈতিক পরিসরের বাইরে রাখার পরিবর্তে আইন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

একই বাস্তবতা বিএনপি ও জামায়াতসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও প্রযোজ্য। ক্ষমতায় থাকা কিংবা বিরোধী দলে অবস্থান—কোনোটিই কাউকে আইনের ঊর্ধ্বে স্থান দিতে পারে না। রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল হিসেবে প্রশাসন, পুলিশ কিংবা বিচারব্যবস্থাকে ব্যবহার করার প্রবণতা বন্ধ করতে হবে। অপরাধের অভিযোগ থাকলে তদন্ত ও বিচার হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। নিরপরাধ মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, বিনিয়োগ ও সামাজিক স্থিতিশীলতা রাজনৈতিক সংঘাতের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ এখন নিরাপত্তা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, কর্মসংস্থান এবং মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা চায়। অথচ রাজনৈতিক নেতৃত্বের বড় একটি অংশ ক্ষমতা অর্জন ও ধরে রাখার হিসাবেই ব্যস্ত। রাজনীতির এই আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসতে না পারলে গণতন্ত্রের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কেবল বিরোধী মতকে নিয়ন্ত্রণ করা নয়; বরং ভিন্নমতকে ধারণ করে জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করা। একইভাবে বিরোধী দলের দায়িত্বও আন্দোলনের নামে সহিংসতা, নাশকতা কিংবা জনজীবন বিপর্যস্ত করা নয়। গণতন্ত্রে সরকার ও বিরোধী দল পরস্পরের প্রতিপক্ষ হতে পারে, কিন্তু রাষ্ট্রের শত্রু নয়।

বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে আইনের শাসন, রাজনৈতিক সহনশীলতা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা করা। অতীতের অপরাধের বিচার যেমন জরুরি, তেমনি ভবিষ্যতের রাজনৈতিক অধিকার সুরক্ষাও অপরিহার্য। কারণ দমন-পীড়ন দিয়ে সাময়িক নীরবতা তৈরি করা সম্ভব, কিন্তু মানুষের আস্থা অর্জন করা যায় না। আর জনগণের আস্থা ছাড়া কোনো সরকার, কোনো রাজনৈতিক দল কিংবা কোনো রাষ্ট্রব্যবস্থাই দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকতে পারে না।

লেখক: মোহাম্মদ হাসান, সাংবাদিক ও কলামিস্ট।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com