সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
ম.ম.রবি ডাকুয়াঃ বাগেরহাট
মহাবিপন্ন শকুনের অস্তিত্ব রক্ষা, বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং বিলুপ্তির ঝুঁকি মোকাবিলায় সুন্দরবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে এশিয়ার ছয়টি দেশসহ বিশ্বের ১০টি দেশের ৪৫ জন গবেষক, বিজ্ঞানী ও আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনে শকুন সংরক্ষণে আঞ্চলিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে অবস্থানরত একটি ভাসমান জাহাজে বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে এ সম্মেলন শুরু হয়। এতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
সম্মেলনে প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী জানান, বর্তমানে সুন্দরবনে মহাবিপন্ন শকুনের সংখ্যা মাত্র ২৪৮টি। অথচ চার দশক আগেও এ অঞ্চলে শকুনের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। সময়ের ব্যবধানে আশঙ্কাজনকভাবে কমে গেছে এ পাখির সংখ্যা, যা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য উদ্বেগজনক।
তিনি জানান, বিলুপ্তির ঝুঁকিতে থাকা শকুন রক্ষায় ২০১১ সাল থেকে কাজ করছে ‘এশিয়ান ভলচার্স ফ্রম এক্সটিংকশন’। এর আগে ২০০৫ সালে কম্বোডিয়ায় সংস্থাটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে এবারই প্রথম এ ধরনের আন্তর্জাতিক সভার আয়োজন করা হয়েছে।
সম্মেলনে শকুনের জন্য সম্পূরক খাদ্যের ব্যবস্থা, নিয়মিত সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে গতিবিধি অনুসরণ এবং অসুস্থ বা বিপন্ন শকুন উদ্ধার ও পুনর্বাসনের বিষয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা শকুনের দীর্ঘমেয়াদি অস্তিত্ব নিশ্চিত করতে দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়, আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার এবং অভিন্ন সংরক্ষণ কৌশল গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরছেন।
প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী বলেন, এশিয়ায় শকুনের বিলুপ্তি ঠেকাতে সম্মিলিত উদ্যোগ আরও গতিশীল করতে এ আন্তর্জাতিক সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শকুন সংরক্ষণে সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার হবে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় শকুনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত প্রাণীর দেহাবশেষ দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এবং রোগজীবাণুর বিস্তার কমাতে এ পাখি প্রাকৃতিকভাবে সহায়তা করে। তাই সুন্দরবনসহ দেশের প্রাকৃতিক পরিবেশে শকুনের অস্তিত্ব টিকিয়ে রাখতে কার্যকর সংরক্ষণ উদ্যোগ এখন সময়ের দাবি।