নওগাঁর বিভিন্ন উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দুশ্চিন্তায় আলু ও ধান চাষিরা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
নওগাঁর বিভিন্ন উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দুশ্চিন্তায় আলু ও ধান চাষিরা
মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলার পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর, বদলগাছী ও আশপাশের উপজেলাগুলোতে দুপুরের পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এতে মাঠ-ঘাট ভিজে উঠেছে এবং ফসলের মাঠে তৈরি হয়েছে বাড়তি শঙ্কা। বিশেষ করে আলুর বীজ প্রস্তুত রাখা চাষিরা এবং সদ্য ধান কাটা শুরু করা কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এ পর্যন্ত বৃষ্টির মাত্রা খুব বেশি না হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। তবে বৃষ্টির পরিমাণ আরও বাড়লে আলু আবাদে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে।
ধামইরহাটের বিহারীনগরের আলুচাষি আসলাম ও আবুল কালাম এবং পত্নীতলার গাহন এলাকার চাষি মন্টু জানান, আলু রোপণের আগে জমি ভালোভাবে শুকিয়ে নিতে হয়, যা স্থানীয়ভাবে 'মাটি বাতানো' নামে পরিচিত। চলমান বৃষ্টিতে সেই কাজটি ব্যাহত হচ্ছে।
অন্যদিকে, যেসব কৃষক ইতোমধ্যে ধান কাটা শুরু করেছেন, তাদের জন্যও কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে। পত্নীতলার গাহন এলাকার কৃষক নজরুল জানান, কাটার পর জমিতে পড়ে থাকা ধানের আঁটি ভিজে গেছে। তবে দ্রুত কড়া রোদ উঠলে তা শুকিয়ে যাবে। কিন্তু রোদ না পেলে ধানের রং নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।