খুকৃবিতে ক্লাস চলাকালে সিলিং ধস, আহত নারী শিক্ষার্থী; শ্রেণিকক্ষের অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) দ্বিতীয় অস্থায়ী ক্যাম্পাসের একটি শ্রেণিকক্ষের সিলিংয়ের অংশ ধসে গুরুতর আহত হয়েছেন এক নারী শিক্ষার্থী। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের লেভেল-১, সেমিস্টার-১-এর ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মাৎস্য ও সমুদ্রবিজ্ঞান অনুষদের বলে জানা গেছে। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, সকাল ৯টার দিকে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করেই ওপরের সিলিংয়ের একটি বড় অংশ বিকট শব্দে ভেঙে ওই নারী শিক্ষার্থীর ওপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করেন। পরে সহপাঠী ও শিক্ষকেরা মিলে আহত শিক্ষার্থীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠান।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের শ্রেণিকক্ষগুলোর অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন করে তীব্র উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

 নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা ক্লাস করতে আসি নাকি মৃত্যুফাঁদে বসতে আসি, সেটাই এখন বড় প্রশ্ন। সিলিংয়ের যে নাজুক অবস্থা ছিল, তাতে এমন দুর্ঘটনা যেকোনো দিন ঘটবে বলেই আমাদের আশঙ্কা ছিল। আজ আমাদের এক সহপাঠীর সাথে এটি ঘটল, কাল যে আমাদের কারো সাথে ঘটবে না তার নিশ্চয়তা কী?"

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, "কোনো সমস্যা নিয়ে প্রশাসনের কাছে গেলে শুধু আশ্বাস পাওয়া যায়, কিন্তু বাস্তবে কোনো কাজ হয় না। ভয়ের কারণে এখন ক্লাসে বসেও আমরা ঠিকমতো লেকচারে মনোযোগ দিতে পারি না, সারাক্ষণ মাথার ওপরের সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে হয়।"

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, খুলনার দৌলতপুরের দেয়ানা পাখির মোড় ও মোল্লাপাড়া এলাকায় দুটি পৃথক অস্থায়ী ক্যাম্পাসে চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এর মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের অবকাঠামোগত অবস্থা তুলনামূলকভাবে বেশি নাজুক। মোল্লাপাড়ায় একটি তিনতলা ভবনসহ সীমিতসংখ্যক কয়েকটি কক্ষে মাৎস্য ও সমুদ্রবিজ্ঞান এবং কৃষি অনুষদের পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রয়োজনের তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম হওয়ায় নিয়মিত ক্লাস পরিচালনায়ও নানা ধরনের সংকট তৈরি হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, প্রায় ছয় বছর ধরে দ্বিতীয় অস্থায়ী ক্যাম্পাসে নানা অব্যবস্থাপনা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যে তাঁদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। টিনের চালের শ্রেণিকক্ষে গ্রীষ্মকালে অসহনীয় গরম, বর্ষাকালে জলাবদ্ধতা ও যাতায়াতের দুর্ভোগ এবং শীতকালে প্রতিকূল পরিবেশে ক্লাস করতে হয়। এর পাশাপাশি সিলিংয়ের নাজুক অবস্থা, পর্যাপ্ত শৌচাগারের অভাব, আধুনিক ল্যাবরেটরি ও প্রয়োজনীয় শ্রেণিকক্ষের সংকট তাঁদের নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে।

শুধু শ্রেণিকক্ষের অবকাঠামো নয়, ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থাও শিক্ষার্থীদের জন্য উদ্বেগের কারণ। তাঁদের অভিযোগ, ক্যাম্পাস এলাকায় সাপ-বিচ্ছুর উপদ্রব, পর্যাপ্ত যানবাহনের অভাব এবং নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা রয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। সব মিলিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশের পরিবর্তে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁদের।

মাৎস্য ও সমুদ্রবিজ্ঞান অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নূর মো. হৃদয় জানান, এসব সমস্যা নিয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। কিন্তু অভিযোগ জানানোর পরও সমস্যাগুলোর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। ফলে দিনের পর দিন ঝুঁকিপূর্ণ পরিবেশে ক্লাস করতে বাধ্য হচ্ছেন তাঁরা। সর্বশেষ সিলিং ধসের ঘটনা তাঁদের দীর্ঘদিনের আশঙ্কাকেই বাস্তবে সামনে নিয়ে এসেছে।

প্রতিষ্ঠার প্রায় এক দশক পেরিয়ে গেলেও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এখনো পূর্ণাঙ্গ স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি। ফলে অস্থায়ী অবকাঠামোর ওপর নির্ভর করেই চলছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। দীর্ঘদিনের এই অস্থায়ী ব্যবস্থায় শিক্ষার্থীদের একদিকে যেমন মানসম্মত শিক্ষা পরিবেশ থেকে বঞ্চিত হতে হচ্ছে, অন্যদিকে অবকাঠামোগত ঝুঁকির কারণে তাঁদের ব্যক্তিগত নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ছে।

শিক্ষার্থীদের প্রত্যাশা, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতির পাশাপাশি বর্তমান অস্থায়ী ক্যাম্পাসগুলোর ঝুঁকিপূর্ণ ভবন ও শ্রেণিকক্ষ দ্রুত সংস্কার, নিয়মিত অবকাঠামোগত পরিদর্শন, নিরাপদ পাঠদান পরিবেশ, পর্যাপ্ত ল্যাবরেটরি, শৌচাগার ও যাতায়াত সুবিধা নিশ্চিত করতে প্রশাসন জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেবে।

সাম্প্রতিক এ দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে। প্রশাসনকে বারবার অবহিত করার পরও যদি ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষের সংস্কার না হয়, তাহলে এমন দুর্ঘটনার দায় এড়াবে কে? শিক্ষার্থীদের প্রশ্ন—শিক্ষা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে এসে কি তাঁদের জীবনের ঝুঁকিও নিতে হবে?

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com