গভীর রাতে হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপে কারারক্ষী আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক কারারক্ষী ও এক কলেজছাত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার ২৩ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আটক কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট জেলা কারাগারে কর্মরত এবং তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। সঙ্গে থাকা ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, কারারক্ষী ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ছাত্রীটি জয়পুরহাটে এসে তার সঙ্গে দেখা করেন। সেদিন রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন শেষে ওয়াজেদ আলী ব্যারাকে না ফিরে ওই ছাত্রীকে নিয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় অবস্থান নেন।

গভীর রাতে হাসপাতালের বারান্দায় তাদের গতিবিধি ও আচরণ দেখে রোগীর স্বজনদের সন্দেহ হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। তবে কথাবার্তায় অসংগতি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে খবর দেয়। 

রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে। মঙ্গলবার ২৪ নভেম্বর দুপুরে থানায় গিয়ে দেখা যায়, ওয়াজেদ আলীকে হাজতে এবং ওই ছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছে।

এ বিষয়ে ওই কলেজছাত্রী জানান, রাতে হাসপাতালে অবস্থানকালে লোকজন তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওয়াজেদ আলী বিবাহিত এবং তার স্ত্রী-সন্তান রয়েছে তা তিনি জানেন। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও ওয়াজেদের চাকরির কোনো ক্ষতি হোক তা তিনি চান না এবং এ ঘটনায় কোনো মামলাও করবেন না।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। ওই কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় খবর দেওয়া হয়েছে, তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা জানান, "সোমবার রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালনের পর মঙ্গলবার সকাল ৬টা থেকে ওয়াজেদ আলীর পুনরায় ডিউটি ছিল, কিন্তু তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পুলিশ বিষয়টি আমাদের জানিয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com