দিনাজপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার থানা রোড এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭, ৪৫ ও ৪১ ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স মেডিসিন হাউজের মো. কুদরত-ই-এলাহীকে ৫ হাজার টাকা, মেসার্স বীরগঞ্জ সেবা ফার্মেসির মো. জিয়ারুল ইসলামকে ৫ হাজার টাকা, মেসার্স এম এস ট্রেডার্সের মো. মোজাম্মেল হককে ২ হাজার টাকা, মেসার্স পিযূশ ফার্মেসির পিযূশ রায়কে ৫ হাজার টাকা এবং পশু স্বাস্থ্য কর্নারের মো. মোফাখারুলকে ১ হাজার টাকা।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার বিভিন্ন ওষুধের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির তথ্য পাওয়ার পর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৩ আরও জানায়, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এসব অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানও চলমান থাকবে।