ঘিওরে স্ত্রীকে ছু/রি/কা/ঘাতে হ/ত্যা; পরে নিজের গ/লায় ছু/রি নিয়ে আ/ত্ম/হ/ত্যার চেষ্টা স্বামীর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলাধীন ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বালিয়াখোড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ফল কাঁটার ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে । স্ত্রীকে গুরুতর আহত করার পর নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী । শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত গৃহবধূ উর্মি বেগম (২৫) । তাঁর স্বামী সজীব মিয়া (৩২) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে খাওয়াদাওয়া শেষে স্বামী-স্ত্রী তাঁদের ঘরের একটি কক্ষে শুয়ে পড়েন । কিছুক্ষণ পর তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয় । একপর্যায়ে সজীব ধারালো ছুরি দিয়ে স্ত্রী উর্মিকে উপর্যুপরি আঘাত করেন । উর্মির চিৎকার শুনে পাশের কক্ষে থাকা তাঁর নানী খুশিমন বেগম (৬০) আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন । লোকজন এগিয়ে এলে সজীব নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করেন ।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান । তবে ঘটনাস্থলেই স্ত্রী উর্মির মৃত্যু ঘটে । সজীবের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে ।
স্থানীয় লোকজন জানান, প্রায় সাত বছর আগে তাঁদের বিয়ে হয় । বিয়ের পর সজীব ঘরজামাই হিসেবে বালিয়াখোড়া এলাকায় বসবাস করতেন । স্থানীয়দের ভাষ্য, তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ হতো । তবে বিরোধের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি ।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । তাঁর স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীধ রয়েছে ।