জাবির নাট্য সংসদ নির্বাচনে : ভিপি অর্পণ, জি এস ইন্দ্রানী, সাংগঠনিক পদে পুনর্নির্বাচন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ এএম

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্য তত্ত্ব বিভাগের ছাত্র সংসদ নির্বাচন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিভাগের ৪৯তম আবর্তনের মো. মুস্তাফিজ বিল্লাহ খান অর্পণ এবং সাধারণ সম্পাদক পদে ৫০তম আবর্তনের ইন্দ্রাণী দেবনাথ নির্বাচিত হয়েছেন।তবে সাংগঠনিক সম্পাদক পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় আগামী ২৬ নভেম্বর ওই পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ নভেম্বর ) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকে ঘিরে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন প্রক্রিয়া প্রাণবন্ত হয়ে ওঠে। ভোটগ্রহণ শেষে একই দিন দুপুরে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে মো. মুস্তাফিজ বিল্লাহ খান অর্পণ (৪৯তম আবর্তন), সাধারণ সম্পাদক পদে ইন্দ্রাণী দেবনাথ (৫০তম আবর্তন) এবং সহ-সাধারণ সম্পাদক পদে রুবি হোসেন (৫১তম আবর্তন) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে কামরুল হাসান জিহান (৫১তম আবর্তন), সহ-ক্রীড়া সম্পাদক পদে মাফুজ হোসেন (৫৩তম আবর্তন), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাহিদুল ইসলাম (৫২তম আবর্তন), প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে আলভী ইসলাম (৫১তম আবর্তন), অনুষ্ঠান সম্পাদক পদে ঐশ্বর্য বাগচী (৫৩তম আবর্তন) এবং সহ-অনুষ্ঠান সম্পাদক পদে মো. রোমান ইসলাম (৫৪তম আবর্তন) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রবিন মিয়া (৪৯তম আবর্তন), এহসানুল মুনতাসির (৪৯তম আবর্তন), আকাশ সরকার (৫০তম আবর্তন), তৌহিদুল ইসলাম জিহাদ (৫১তম আবর্তন), মুশফিকা নওশিন ঐতিহ্য (৫২তম আবর্তন), মোছা. আরিফা নাসরিন রিয়া (৫৩তম আবর্তন), আবিদ হাসান নিলয় (৫৪তম আবর্তন) ও কাব্য রাহা (৫৫তম আবর্তন)।

নির্বাচন কমিশনের পুনঃতফসিলসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক সম্পাদক পদে ৫২তম আবর্তনের দুই প্রতিদ্বন্দ্বী আতিউজ্জামান শিবলু (ব্যালট নম্বর ১০) ও নাসিম পারভেজ প্রভাত (ব্যালট নম্বর ১৫) সমান ৩৩টি করে ভোট পেয়েছেন। নাট্য সংসদের গঠনতন্ত্রের ৮/১৫ ধারা অনুযায়ী, একাধিক প্রতিদ্বন্দ্বী সমানসংখ্যক ভোট পেলে সংশ্লিষ্ট পদে পুনর্নির্বাচনের বিধান রয়েছে। সে অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সাংগঠনিক সম্পাদক পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনায় গণিত বিভাগে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে গণিত বিভাগ ছাত্র সংসদ শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com