মঠবাড়িয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
সালমান আহসান বাবু, মঠবাড়িয়া:
পিরোজপুরের মঠবাড়িয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাহিন হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। সোমবার দুপুরে এসআরবি)-৮ এক প্রেস ব্রিফিংএর মাধ্যমে জানান, রবিবার রাত ৯টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামী শাহিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা হাওলাদারের ছেলে। মামলার পর থেকে তিনি আমড়াগাছিয়ার গোলবুনিয়া এলাকায় শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী ওই কিশোরী জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী। তার বাবা-মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বাবা-মা কাজের জন্য বাইরে থাকলে কিশোরী প্রায়ই ছোট ভাইকে নিয়ে বাড়িতে থাকত। একপর্যায়ে টাকা-পয়সা ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন শাহিন। গত ১ আগস্ট বিকেল ৫টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে নিজের টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে। এছাড়া সুযোগ বুঝে প্রতিবেশী শাহিন হাওলাদার বিভিন্ন সময় তাদের বাড়িতে যাতায়াত করতেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে শাহিনসহ তিনজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই শাহিন পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে বরিশাল এসআরবি-৮ দল গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ওয়ালিদ হাসান মিঠু বলেন, শাহিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানায়, মামলাটির তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া মঠবাড়িয়া থানা পুলিশের মাধ্যমে চলমান রয়েছে।