নাটোরে গাড়িবহর থামিয়ে শিশুকে হাসপাতালে নিলেন হুইপ দুলু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি:

গ্রামের বাড়ি থেকে ফেরার পথে মানুষের ভিড় ও কান্নার শব্দ শুনে গাড়িবহর থামান জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সেখানে গিয়ে জানতে পারেন, পানিতে ডুবে নিথর হয়ে পড়ে আছে তিন বছরের শিশু সাদিপ। শিশুটিকে জীবিত ভেবে এক মুহূর্ত দেরি না করে পুলিশের গাড়িতে করে দ্রুত হাসপাতালে নিয়ে যান তিনি। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি শিশুটিকে।

রোববার (২২ নভেম্বর) ৩টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাদিপ ওই এলাকার বকুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের গ্রামের বাড়ি রামশার কাজিপুর থেকে ফেরার পথে শাখারীপাড়া এলাকায় একটি বাড়ির সামনে মানুষের জটলা ও কান্নাকাটির শব্দ শুনতে পান হুইপ দুলু। বিষয়টি বুঝতে গাড়িবহর থামিয়ে সেখানে এগিয়ে যান তিনি। এ সময় শিশুটির বাবা ও স্বজনদের আহাজারি দেখতে পান।

পরে পানিতে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করে সঙ্গে থাকা পুলিশের গাড়িতে তুলে দ্রুত নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তিনি।

নিহত শিশুর চাচা জানান, হুইপ দুলু গ্রামের বাড়ি থেকে ফেরার পথে তাদের বাড়ির সামনে গাড়িবহর থামান। পরিস্থিতি জানতে পেরে পানিতে ডুবে যাওয়া শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন তিনি।

ঘটনার বিষয়ে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, ফেরার পথে মানুষের ভিড় ও কান্নাকাটির শব্দ শুনে তিনি গাড়ি থামান। শিশুটিকে জীবিত মনে হওয়ায় কোনো সময় নষ্ট না করে সঙ্গে থাকা পুলিশের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। দ্রুতগতিতে যাওয়ায় ১০ মিনিটেরও কম সময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো যায়নি।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুবুর রহমান জানান, হাসপাতালে আনার পরপরই শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com