বোদায় সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:১২ এএম
মোঃ আশরাফুল ইসলাম, পঞ্চগড় বোদা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলার এজাহারনামীয় আসামি রশিদুল ইসলাম (৩৮)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার কেসাডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রশিদুল ইসলাম পঞ্চগড়ের বোদা উপজেলার জমাদারপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বোদা উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং বোদা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর সিপিসি-২ নীলফামারী ক্যাম্প ও সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে রশিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।