জাতীয় মঞ্চে লড়াইয়ের আগে জয়পুরহাট অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের জার্সি উন্মোচন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি:
পাবনায় অনুষ্ঠিতব্য ‘ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬-২০২৭’-এ অংশগ্রহণের আগে জয়পুরহাট জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন এবং জেলা ক্রিকেট কোচ মনোয়ার হোসেন নিপু।
এ সময় অতিথিরা তরুণ ক্রিকেটারদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। গোলজার হোসেন যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণ ক্রিকেটাররা জাতীয় পর্যায়ে জয়পুরহাটের সুনাম বয়ে আনবে। জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার মন্ডল মাঠের লড়াইয়ে শৃঙ্খলা, দলগত ঐক্য ও আত্মবিশ্বাসের ওপর জোর দেন। এ ছাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম কাদির জেলার উদীয়মান খেলোয়াড়দের পাশে গণমাধ্যমের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে দলের সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।