কচাকাটায় উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটায় উৎসবমুখর পরিবেশ ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ‘কচাকাটা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমজমাট ফাইনাল ম্যাচ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে স্থানীয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় কচাকাটা ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাবতলা ফুটবল একাদশ।
কুড়িগ্রামের কচাকাটা থানা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুপুর থেকেই মাঠ ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নির্ধারিত সময় বিকেল ৩টায় খেলার উদ্বোধন করেন কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের অতিরিক্ত পরিচালক মো. নূর ইসলাম। দুধকুমার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস. এম. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস।
এ ছাড়া বক্তব্য দেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ বাচ্চু, কেদার যুবদলের আহ্বায়ক আব্দুস ছালাম, কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজুল মন্ডল এবং কচাকাটা প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
মাঠের লড়াইয়ে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ, গতি ও নৈপুণ্য দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গাবতলা ফুটবল একাদশ। প্রিয় দলের খেলা দেখতে মাঠে জড়ো হওয়া হাজারো দর্শক পুরো সময়জুড়ে উচ্ছ্বাস ও করতালিতে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তোলাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। তাঁদের প্রত্যাশা, এমন আয়োজন সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে।
আরও পড়ুন
ক্রীড়া ও সংস্কৃতি চর্চা যুবসমাজকে মাদক, অপরাধ থেকে দূরে রাখে— আশরাফুর রহমান বাবু
প্রথমবার আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল আসরে খুকৃবি, ১৭ সদস্যের দল ঘোষণা ও জার্সি উন্মোচন
সাপের কামড়ে ৪ হাসপাতালে ঘুরে ভ্যাকসিনের অভাবে ঘিওরের এক কৃষকের মৃত্যু