নওগাঁয় দুইটি বাসে আগুনের ঘটনায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে মোঃ শিশিরকে গ্রেপ্তার করা হয়। অপর দুই আসামিকে নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল বারী ডলার (২৬), মোঃ শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোঃ শিশির (৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়। অবশিষ্ট থাকে শুধু লোহার কাঠামো। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাস মালিক মোঃ সাগির আহমেদ জানান, আগুনে দুটি বাসেরই প্রায় সমান ক্ষতি হয়েছে। প্রতিটি বাসের ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ টাকা। সে হিসাবে মোট ক্ষতির পরিমাণ ৩০ থেকে ৩২ লাখ টাকা। বাস দুটি মেরামত করে পুনরায় সড়কে চালাতে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।
ঘটনার পর বাস মালিক ও স্থানীয়রা পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ তোলেন। যদিও প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত চলছে। বুধবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হবে।