মেধার স্বীকৃতি ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে হরিরামপুরে ১৪৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মেধার স্বীকৃতি ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাতে মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে ।

রোববার (৮ নভেম্বর) খাজা রহমত আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করে হরিরামপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যান্ড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ । বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ।

হরিরামপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যান্ড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খাজা রহমত আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন খান, গোপীনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক হামিদুর রহমান ও সদস্যসচিব আব্দুর রহমান প্রমুখ ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃত্তি ও সম্মাননা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে । একই সঙ্গে মানসম্মত শিক্ষা বিস্তারে কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা ।

আয়োজকেরা জানান, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া, তাদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে ।

সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com