রাতের আঁধারে বিসিএস কর্মকর্তার ফলের বাগানে কুঠারাঘাত: কালাইয়ে শতাধিক গাছ কেটে সাবাড়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
ফল আসার অপেক্ষায় ডালপালা মেলেছিল গাছগুলো। কিন্তু ফল ধরার ঠিক আগমুহূর্তেই এক রাতের নির্মম আক্রোশে মাটিতে লুটিয়ে পড়ল একটি সবুজ স্বপ্ন।
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের উলিপুর ভেরেন্ডী গ্রামে ৪০তম বিসিএস (শিক্ষা) ক্যাডার কর্মকর্তা ফজলে রাব্বির বাগানের শতাধিক ফলজ গাছ কেটে সাবাড় করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
রোববার সকালে বাগানে গিয়ে দেখা যায় নারকীয় এক দৃশ্য।
৩৫ শতক জমির ওপর গড়ে তোলা বাগানের প্রায় প্রতিটি গাছ মাটিতে কাটা পড়ে আছে। ভুক্তভোগী ফজলে রাব্বি জানান, দুই থেকে তিন বছর ধরে পরম যত্নে তিনি প্রায় ১০০টি আম, লিচু, সুপারি ও ডালিমের চারা বড় করে তুলেছিলেন।
এবারই প্রতিটি গাছে প্রথম ফল আসার কথা ছিল।
চোখের সামনে ধ্বংসস্তূপ দেখে হতবাক ফজলে রাব্বি বলেন, “এলাকার কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাই কাকে সন্দেহ করব বুঝতে পারছি না।
তবে স্থানীয় কারও হাত না থাকলে এভাবে রাতের আঁধারে এসে এতগুলো গাছ কেটে ফেলা সম্ভব নয়।”
ফলন্ত গাছের ওপর এমন নির্মমতায় ফুঁসে উঠেছে পুরো এলাকা।
স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “মতবিরোধ থাকতেই পারে, কিন্তু গাছ তো কোনো অপরাধ করেনি! আক্রোশের বশে এভাবে গাছ কাটা মেনে নেওয়া যায় না। এর বিচার হতেই হবে।”
এদিকে নির্বিচারে গাছ কাটার এই ঘটনাকে ‘প্রকৃতিবিরোধী অপরাধ’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পরিবেশবাদীরা। ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ কালাই শাখার সাধারণ সম্পাদক সহিবুল ইসলাম পাভেল বলেন, “গাছ কাটার এই জঘন্য কাজ চরম অমানবিক। আমরা পরিবেশের ওপর এই আঘাতের তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।