ধামইরহাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় শাকিল হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুর ২টার দিকে মো. রেজাউল (৩১) তাঁর কর্মস্থল মজনু রুটি ফ্যাক্টরির স্টাফ রুমে নিজের TVS Metro 100 CC মোটরসাইকেলটি রেখে কাজে ব্যস্ত ছিলেন। পরে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো এক সময় মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।
এ ঘটনায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রেজাউল জানতে পারেন, একই প্রতিষ্ঠানে কর্মরত শাকিল হোসেন ও তালহা (২১) সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন। চোরাই মোটরসাইকেলটি ধামইরহাট থানা এলাকায় রয়েছে বলেও তথ্য পান তিনি।
বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হলে তাঁর নির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমতাজুল হক একটি বিশেষ পুলিশ দলকে অভিযান পরিচালনার নির্দেশ দেন। পরে পুলিশের বিশেষ দল ধামইরহাট ইউনিয়ন পরিষদ এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে এবং মামলার প্রধান অভিযুক্ত শাকিল হোসেনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে শাকিল হোসেন গত ৪ নভেম্বর তালহাসহ মোটরসাইকেলটি চুরির কথা স্বীকার করেছেন। প্রাথমিক অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে এলাকায় মাঝেমধ্যে চুরির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায় এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামিরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।