জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্লুর রহমান জুয়েল ও তার সহযোগী মো. আরমানকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। একই সঙ্গে চুরির অভিযোগে মো. হাসানকে পিটিয়ে হত্যার মামলার এজাহারনামীয় অভিযুক্ত মো. আলম পাইককেও গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।
র্যাব জানায়, রাজনৈতিক পক্ষ পরিবর্তন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৭ অক্টোবর রাতে নগরীর বায়েজিদ থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় আবু ইউসুফ প্রকাশ জীবনকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করেন জিল্লুর রহমান জুয়েলসহ তার সহযোগীরা। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত জীবনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭-এর পৃথক অভিযানে মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি মো. আরমানকে কুমিল্লা জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে রবিবার দিবাগত রাতে ঢাকা মহানগরীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্লুর রহমান জুয়েলকে (৪০) গ্রেপ্তার করে র্যাবের আরেকটি দল।
এদিকে, চুরির অভিযোগে মো. হাসানকে পিটিয়ে হত্যার মামলায় এজাহারনামীয় অভিযুক্ত মো. আলম পাইক (৩৫) চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে অভিযান চালায় র্যাব-৭। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ জানায়, পৃথক অভিযানে তিনটি হত্যা মামলার অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন
পাবনায় এলিট লাইফ স্টাইলের ১৯ তম আউটলেট উদ্বোধন করলেন জনপ্রিয় অভিনেতা পলাশ
মাগুরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে এ্যাড. এম এ রশিদকে বহিষ্কার
বিশ্ববিদ্যালয়ে টেকসই বিদ্যুৎ সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত