বাংলাদেশ বার্তা টুডে'তে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে আসিফ ইকবাল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্নার মর্মান্তিক চিত্র সম্প্রতি আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন গণমাধ্যমে উক্ত পরিবারকে নিয়ে সংবাদ প্রকাশ করা হলে পরবর্তীতে চরম ক্ষুধা, দারিদ্র্য আর অনিশ্চয়তায় জর্জরিত এই দুর্গত পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল।

বান্দরবান বান্দরবান সদর উপজেলার হাফেজঘোনা এলাকার রুমা স্টেশনের ওপরে বননিবাস হিল রিসোর্ট এলাকায় বসবাসরত লাচিং মারমার তিন সদস্যের পরিবারের দিন কাটছিল অত্যন্ত মানবেতরভাবে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধী একটি সন্তানকে দেখভাল করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন তার মা। ঘরে খাবার তো দূরের কথা, মাথা গোঁজার মতো নিরাপদ একটি ছাদও তাদের নেই। অনাহার, অর্ধাহার আর রোদ-বৃষ্টির সঙ্গে লড়াই করতে করতে পরিবারটির বুকফাটা আর্তনাদ চার দেওয়ালের মাঝেই বন্দি ছিল।

সম্প্রতি অসহায় এই পরিবারের মানবেতর জীবনের গল্প বাংলাদেশ বার্তা টুডে ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। খবর পেয়ে কালক্ষেপণ না করে ছুটে যান পিসিসিপি বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল। এসময় তিনি তৎক্ষণিক সহয়তায় হাত বাড়িয়ে পরিবারটির পাশে দাঁড়ান এবং পরিবারটি যেন ভবিষ্যতে কারো করুণার পাত্র না হয়ে নিজে দাঁড়িয়ে চলতে পারে, সেজন্য তাদের ব্যবসা পরিচালনার জন্য মালামাল ও পুঁজি কিনে দেন।

পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল বলেন, "শুধু কিছুদিনের চাল-ডাল দিয়ে সাময়িক সাহায্য করা যায়, কিন্তু স্থায়ী সমাধান হয় না। তাই ওই পরিবারটি যেন স্বাবলম্বী হয়ে উঠতে পারে এবং নিজেদের মেহনতে সংসার চালাতে পারে, সেজন্য আমরা তাদের ব্যবসার জন্য প্রয়োজনীয় মালামাল তুলে দিয়েছি। সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে কোনো মাকেই আর এমন অসহায়ত্বে দিন কাটাতে হবে না।"

ছাত্রনেতার এই সময়োপযোগী ও দূরদর্শী মানবিক উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহল অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, আসিফ ইকবালের এই পদক্ষেপ সমাজে তরুণ সমাজ ও যুবকদের জন্য এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com