নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা 'নজরুলের অঙ্গনে সন্ত্রাসীদের ঠাঁই নাই', 'বিচার চাই, বিচার চাই' ও 'গ্যাং কালচার বন্ধ হোক' স্লোগান দেন।
সংশ্লিষ্ট সূত্র ও শিক্ষার্থীদের বরাতে জানা গেছে, গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্ট চলাকালে বল বাউন্ডারির বাইরে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে রাতে অগ্নিবীণা হল, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ও কলা ভবন এলাকায় উত্তেজনা ও সংঘর্ষ হয়। অভিযোগ রয়েছে, পরে কলা ভবনের সামনে ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে ইংরেজি, লোকপ্রশাসন ও চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে রবিউল, সাকিব, রাফি ও রোমান নামে চার শিক্ষার্থী গুরুতর আহত হন।
মানববন্ধনে আহত শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, 'সামান্য একটা বলকে কেন্দ্র করে আমাকে মারার চেষ্টা করা হলো। এই বিশ্ববিদ্যালয়ে কি কোনো আইন নেই? অপরাধ করলে কি কারও শাস্তি হবে না?' তিনি অভিযোগ করেন, ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত সিফাত ও তাঁর অনুসারীরা ক্যাম্পাসে গ্যাং কালচার প্রতিষ্ঠা করেছেন। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে তিনি জড়িতদের বিচারের দাবি জানান।
ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী লাবিব বলেন, 'নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ না হলে বা তদন্ত দীর্ঘায়িত করার চেষ্টা হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।'
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, 'এ বিষয়ে কালক্ষেপণ করতে চাই না। আমরা দ্রুত তদন্তের ফল প্রকাশ করতে চাই। এ ধরনের ঘটনায় কোনো অপরাধী ছাড় পাবে না।' তিনি জানান, তদন্ত কমিটির সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।