সোনারগাঁওয়ে ডিবির অভিযানে কক্সবাজার থেকে আসা স্লিপার বাস থেকে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসে অভিযান চালিয়ে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার মূল্য ৬৯ লাখ টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের শার্শা থানার ভবেরবেড় এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাকিবুল হাসান (৩০), একই জেলার কোতোয়ালি থানার নিউমার্কেট বি-ব্লক এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে সাইফুল হোসেন (৩৮)।
ডিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালিয়ে সিটের ভেতর বিশেষ কায়দায় লুকানো পলিথিনে মোড়ানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের নিয়ে অভিযান চালিয়ে সাইনবোর্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি। অভিযানে বাসটিও জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ও ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন ডিবির ‘ক’ জোনের এসআই মফিজুল ইসলামসহ অন্য সদস্যরা।
এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ইয়াবা চালানের মূল হোতাকে গ্রেপ্তারে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।