'স্বাস্থ্যসেবায় অকুপেশনাল থেরাপি অপরিহার্য' বললেন প্রধান অতিথি জাহাঙ্গীর আলম বিশ্বাস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

শারীরিক, মানসিক ও বিকাশগত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অকুপেশনাল থেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তুলতে এ বিশেষায়িত স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস ।

বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশনের (বিওটিএ) উদ্যোগে মানিকগঞ্জের পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) মানিকগঞ্জ কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, “স্বাস্থ্যসেবায় অকুপেশনাল থেরাপি অপরিহার্য।” এ থেরাপির মাধ্যমে শারীরিক, মানসিক ও বিকাশগত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন কাজ করার সক্ষমতা বাড়ানো যায় । একই সঙ্গে দুর্ঘটনায় আহত ও শারীরিক সীমাবদ্ধতায় ভোগা ব্যক্তিদের পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরতে সহায়তা করা সম্ভব ।

তিনি আরও বলেন, ব্যক্তিগত যত্ন নেওয়া, শিক্ষা গ্রহণ, কর্মজীবনে যুক্ত হওয়া এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সক্ষমতা বাড়াতে অকুপেশনাল থেরাপি কার্যকর ভূমিকা রাখে । মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তুলতে এ সেবার প্রসার জরুরি ।

সিআরপি মানিকগঞ্জ কেন্দ্রের অধ্যক্ষ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন । এ সময় বক্তারা অকুপেশনাল থেরাপি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com