চট্রগ্রামে নাশতা কম দেওয়ার অভিযোগে গৃহবধূকে মারধর, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে পাঠানো নাশতা কম হওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে শাশুড়ি ও দুই ননদের বিরুদ্ধে। এ ঘটনার নয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত গৃহবধূ তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহত সিফাতুন নুরের (২২) বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায়। তিনি ওই এলাকার বাসিন্দা মো. নুরের মেয়ে। প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মো. তারেকের (২৬) সঙ্গে তাঁর বিয়ে হয়। তারেক দুবাইপ্রবাসী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর সিফাতুনের মা জাহিনুর আক্তার মেয়েকে দেখতে শ্বশুরবাড়িতে যান। এ সময় তিনি বিভিন্ন ধরনের পিঠা, ফল, মাছ ও দুধ নিয়ে যান। তবে শাশুড়ি রিজিয়া বেগম অভিযোগ করেন, আনা নাশতার পরিমাণ কম হয়েছে। এসব নাশতা আত্মীয়স্বজন ও প্রতিবেশী মিলিয়ে ৬০টি পরিবারে দেওয়া সম্ভব হবে না। এ নিয়ে সিফাতুনের সঙ্গে তাঁর শাশুড়ি ও দুই ননদের বিরোধ সৃষ্টি হয়।

পরিবারের অভিযোগ, ওই বিরোধের জের ধরে ১৪ অক্টোবর সিফাতুনকে মারধর করা হয়। এ সময় তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে ওই রাতেই শ্বশুরবাড়ির লোকজন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাঁর মৃত্যু হয়।

সিফাতুনের মা জাহিনুর আক্তার জানান, ১২ অক্টোবর মেয়ের শ্বশুরবাড়িতে তিনি ৪৫০টি পিঠা, ৪০টি পেয়ারা, এক কেজি বড় চিংড়ি মাছ, এক কেজি আপেল, আটটি ড্রাগন ফল, চার কেজি তেলাপিয়া মাছ ও তিন কেজি দুধ নিয়ে গিয়েছিলেন। এত কিছু দেওয়ার পরও নাশতা কম হয়েছে বলে অভিযোগ করা হয়।

জাহিনুর আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে শাশুড়ি ও দুই ননদ বিভিন্ন সময়ে নির্যাতন করেছেন। নাশতা দেওয়ার বিষয়টি নিয়ে বিরোধের জের ধরেই তাঁর মেয়েকে মারধর করা হয়। ঘটনার পর সিফাতুনকে হাসপাতালে নেওয়া হলেও পরিবারের সদস্যদের জানানো হয়েছিল, তিনি মাথা ঘুরে পড়ে গেছেন। পরে হাসপাতালে গিয়ে তিনি মেয়েকে আইসিইউতে ভর্তি অবস্থায় দেখতে পান।

এ ঘটনায় ১৪ অক্টোবর সিফাতুনের বাবা মো. নুর বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেন। মামলায় তাঁর শাশুড়ি রিজিয়া বেগম ও দুই ননদকে আসামি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে সিফাতুনের দুই ননদের বক্তব্য জানতে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, তাঁরা বাড়িতে নেই।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোশারফ হোসেন জানান, নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে গৃহবধূকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার দিন কী ঘটেছিল এবং এতে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, গৃহবধূর মৃত্যুর পর শুক্রবার তাঁর শাশুড়ি রিজিয়া বেগমকে (৬০) গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com