পরকীয়া নিয়ে দ্বন্দ্ব:স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পলাতক স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

নাজমুল হাসান, মাদারীপুরঃ

মাদারীপুরের ডাসারে পরকীয়ার প্রতিবাদ করায় পুতুল সমাদ্দার (৫২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার একদিন পর বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের প্রধান আসামি ঘাতক স্বামী অরুণ সমাদ্দারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

​শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অরুণ সমাদ্দার উপজেলার ধামুসা গ্রামের বাসিন্দা।

​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধামুসা গ্রামের একই এলাকার বাসিন্দা সারথী দে নামে এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন অরুণ সমাদ্দার। এ নিয়ে পারিবারিক টানাপোড়েন থেকে শুরু করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মারাত্মক ঝগড়া-বিবাদ লেগে থাকত। বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে একাধিকবার শালিস-বৈঠক ও মীমাংসা করা হলেও অরুণ পরকীয়ার পথ থেকে সরে আসেননি।

​এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ভোরে আবারও পরকীয়া নিয়ে কথা-কাটাকাটিতে জড়ান স্বামী-স্ত্রী। একপর্যায়ে রান্নাঘরের ভেতর দুজনের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবারের ধারণা, ক্ষিপ্ত হয়ে অরুণ সমাদ্দার স্ত্রী পুতুল সমাদ্দারকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে দ্রুত বাড়ি থেকে চম্পট দেন।

​এ লোমহর্ষক ঘটনার পর নিহতের ভাই রতন নাগ বাদী হয়ে অরুণ সমাদ্দারকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশি নজরদারি জোরদার করা হয়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

​এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, “ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত প্রধান আসামি অরুণ সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com