স্বামীর পরকীয়ায় বাঁধা,স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম

নাজমুল হাসান,​মাদারীপুরঃ

স্বামীর পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় পুতুল সমাদ্দার (৫২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার গুরুতর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামে এই নির্মম ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী অরুণ সমাদ্দার এবং তাঁর কথিত প্রেমিকা সারথী দে পলাতক রয়েছেন।

​স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ধামুসা গ্রামের মৃত জিতেন সমাদ্দারের ছেলে অরুণ সমাদ্দারের সঙ্গে একই এলাকার সারথী দে নামের এক গৃহবধূর দীর্ঘদিন ধরে অবৈধ প্রেম চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ হতো। একাধিকবার স্থানীয়ভাবে সালিস-মীমাংসা করা হলেও অরুণকে সেই পথ থেকে ফেরানো যায়নি।

​বৃহস্পতিবার ভোরে পরকীয়ার বিষয়টি নিয়ে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রান্নাঘরে তাঁদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুতুলের চিৎকার শুনে অরুণের বড় বোন পুষ্প দাস ঘটনাস্থলে ছুটে গিয়ে পুতুলকে অচেতন অবস্থায় মেঝতে পড়ে থাকতে দেখেন। ঠিক সেই মুহূর্তেই দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যান অরুণ।

​নিহত পুতুল সমাদ্দার ধামুসা গ্রামের মৃত পুলিন নাগের মেয়ে। অরুণ-পুতুল দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

​নিহতের বড় বোন পুষ্পা রাণী ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন:

​"আমার বোনজামাই অরুণের চরিত্র ভালো ছিল না। সারথী নামের ওই গৃহবধূকে সে মাঝেমধ্যেই বাড়িতে নিয়ে আসত। আমার বোন এর প্রতিবাদ করায় তাঁকেই জীবন দিতে হলো। শ্বাসরোধ করেই আমার বোনকে হত্যা করা হয়েছে। আমরা অরুণ ও তাঁর প্রেমিকার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

​ডাসার ইউনিয়ন পরিষদের সদস্য গৌতম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও ওই নারী এলাকা ছেড়ে পালিয়েছেন।

​খবর পেয়ে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

​ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ও এটি নিশ্চিত হত্যা কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদন এবং পুলিশের বিস্তারিত তদন্তের পরেই জানা যাবে।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com