সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযানে ২৪ আটক, ৭০ পিস ইয়াবা উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারদের মধ্যে মাদক মামলার তিন আসামি, মাদকসেবী ১৫ জন, চুরি মামলার তিন আসামি এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত তিনজন রয়েছেন।
পুলিশ জানায়, অভিযানে মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া মাদকসেবনের অভিযোগে ১৫ জনকে আটক করা হয়। চুরি মামলায় তিনজন এবং আদালতের পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন আয়নাল হক, গিয়াস উদ্দিন, আবু তাহের, সোহেল, জাহাঙ্গীর হোসেন সুমন, কারুল, খবির হোসেন, শামীম, ইয়াছিন তমাল, আনোয়ার, সজিব হোসেন, রিয়াদ হোসেন, লালচান, ইয়াদ আলী, আব্দুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মোক্তার মোল্লা, তাছলিমা, জাকারিয়া, শরিফুল আলম বাবু, ফরহাদ, জাবেদ মিয়া, সিরাজুল ইসলাম ও মামুন মোল্লা।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।