সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের মেসার্স হাজী ব্রিকস ইটভাটা এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয় ।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. শরিফুল ইসলাম (৩২) ও জাহিদুল ইসলাম (২১) । তাদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর ও বালিয়াডাঙ্গা এলাকায় । তবে কে কোন এলাকার বাসিন্দা, তা নিশ্চিত হওয়া যায়নি ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইটভাটা এলাকায় অভিযান চালানো হয় । এ সময় কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার অপরাধে ওই দুজনকে আটক করা হয় । পরে তাদেরকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয় ।
অভিযানে নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম । তিনি জানান, কৃষিজমির উর্বর মাটি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
আরও পড়ুন
বোমা উদ্ধারের আতঙ্ক পেরিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব
জয়পুরহাটে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ