পাঁচবিবিতে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার-১, আলামত উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর অটোভ্যান চালক শাখাওয়াত হোসেন হত্যা মামলার ক্লুলেস রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার সাথে জড়িত হাবিল উদ্দিন (৪০) নামের এক আসামীকে গ্রেফতারের পাশাপাশি আলামত উদ্ধার করা হয়েছে।
রবিবার ১৮ অক্টোবর জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, নিহত শাখাওয়াত হোসেনের ছোট ভাই শাহীন হোসেন (৩০) তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগে পাঁচবিবি থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং-১৬/৩৫২, তারিখ: ১৪/১০/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২/৩৪/৩৯৪ পেনাল কোড)।
মামলা দায়েরের পর জয়পুরহাট জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু কামালের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলামসহ ডিবির একটি চৌকস টিম ঘটনার ক্লুলেস রহস্য উন্মোচনে মাঠে নামে।
তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন ও সার্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত শুরু করে।
ঘটনাক্রম ও তদন্তে উঠে আসে, গত ১৩ অক্টোবর বিকেল আনুমানিক ৫:২৫ ঘটিকার সময় আসামী হাবিল উদ্দিন (৪০), পিতা-জামাল উদ্দিন, সাং- ধাওয়াইপুর, থানা- পাঁচবিবি শালাইপুর বাজার এলাকা থেকে ফিসকার ঘাট হয়ে পাথরঘাটাগামী রাস্তায় ভিকটিম শাখাওয়াতকে নিয়ে রওনা হয়। পরবর্তীতে তাকে নির্মমভাবে হত্যা করে অটোভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায়।
ডিবি পুলিশের প্রযুক্তিনির্ভর ও তৎপর অভিযানে মূল আসামীকে গ্রেফতারের পাশাপাশি ঘটনার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে পাঁচবিবি থানার আইনি প্রক্রিয়া শেষ করে গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।