নিরাপত্তার খোঁজে মহাদেবপুরের মণ্ডপে নওগাঁর এসপি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ এএম
মো:- মিলন শাহ, পত্নীতলা, নওগাঁ:
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহাদেবপুর থানার দুটি বৃহৎ দুর্গাপূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন।
গত বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাতে তিনি মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মন্দিরের প্রবেশপথ, আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ ও জরুরি চলাচলের পথসহ সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে খোলামেলা আলোচনা করেন এবং যেকোনো জরুরি প্রয়োজনে পুলিশ প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “দুর্গাপূজা বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে কোনো প্রকার বাধা ও আতঙ্কমুক্ত পরিবেশে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হতে পারে, সেজন্য নওগাঁ জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। মণ্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও আনসার বাহিনীর নজরদারি থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।”
পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল), অফিসার ইনচার্জ ওমর ফারুক (মহাদেবপুর থানা) পুলিশ পরিদর্শক (তদন্ত, মহাদেবপুর থানা) এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের সদস্য ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
মণ্ডপ কর্তৃপক্ষের নেতৃবৃন্দ পুলিশ সুপারের এই তৎপরতা ও পরিদর্শনকে স্বাগত জানিয়ে জেলা পুলিশ প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।