রাণীনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সেবা পেলেন ৮০০ জনেরও বেশী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর উপজেলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে রক্তদানের সচেতনতা বাড়াতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিল কৃষ্ণপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৮০০ জনের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা, রক্তের গ্রুপ জানার গুরুত্ব তুলে ধরা এবং সাধারণ মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই রক্তদান সম্পর্কে সচেতন করে তোলার ওপর গুরুত্ব দেন আয়োজকরা।

ক্যাম্পেইনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান। আয়োজকদের মতে, জরুরি চিকিৎসা, দুর্ঘটনা কিংবা অস্ত্রোপচারের সময় দ্রুত রক্তের প্রয়োজন হলে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত সহায়ক হতে পারে। তাই এ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষার্থী সুমাইয়া বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের জন্য খুবই উপকারী। এখানে বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পেরেছি এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কেও সচেতন হয়েছি। ভবিষ্যতে মানুষের প্রয়োজনে রক্তদানে এগিয়ে আসতে চাই।”

আরেক শিক্ষার্থী জোবায়ের হোসেন বলেন, “বিদ্যালয়ে এমন একটি আয়োজন করায় আমরা আনন্দিত। প্রত্যেকেরই নিজের রক্তের গ্রুপ জানা উচিত। ছোটবেলা থেকেই রক্তদান সম্পর্কে সচেতন হলে ভবিষ্যতে মানুষের উপকারে আসা সম্ভব।”

বিল কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম বলেন, “পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করা জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের রক্তদানসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে আগ্রহী করে তুলবে। আমরা এ জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানাই।”

রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি আব্দুল্লাহ আল মাহীদ বলেন, “মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের সংগঠনের অন্যতম লক্ষ্য। অনেকেই এখনো নিজেদের রক্তের গ্রুপ জানেন না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।”

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মুন্না আহমেদ বলেন, “রক্তের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ৮০০ জনের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরে আমরা আনন্দিত। কর্মসূচিটি সফল করতে বিদ্যালয় কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করব।”

কর্মসূচিতে সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মাহীদ, সাধারণ সম্পাদক মো. মুন্না আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিনা, সাংগঠনিক সম্পাদক মো. সাজু ইসলাম, সমন্বয়ক মো. সারোয়ার জাহান তৌফিক, ক্রীড়া সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. রজব (সম্রাট), নাসিম শাহরিয়ার জয়, মো. রাকিব সরদার, মো. সালমান বাসারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতে রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com