কুমারখালীর লালনমেলায় পুলিশের অভিযান, জব্দ গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি ।
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিতব্য তিন দিনব্যাপী লালনমেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি সংলগ্ন মেলার মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী লালনমেলা ও বর্ণাঢ্য আয়োজন। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তসহ বিদেশ থেকেও সাধু, বাউল, ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
মেলাকে মাদকমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসন বিশেষ নজরদারি জোরদার করেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের এসব সরঞ্জাম জব্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, লালনধামের ঐতিহ্য ও পবিত্রতা রক্ষা এবং মেলায় আগত সাধু-ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিরোধান দিবসের অনুষ্ঠান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।