মানিকগঞ্জে ৩৬ জন গ্রামীণ নারী কৃষককে সম্মাননা ক্রেস্ট প্রদান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখায় মানিকগঞ্জে ৩৬ জন গ্রামীণ নারী কৃষককে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে । আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারশ্রী গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

গুরুদাস মন্ডলের বাড়ির আঙিনায় বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) ও গ্রিন কোয়ালিশন-মানিকগঞ্জ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে ।

‘নারীর জ্ঞান, সমৃদ্ধ বাঁচার পরিবেশের প্রাণ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণ নারী কৃষকদের অবদানের স্বীকৃতি দেওয়া, তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা তুলে ধরা এবং পরিবেশবান্ধব কৃষি ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাঁদের নেতৃত্ব উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা । বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, গ্রিন কোয়ালিশন-মানিকগঞ্জের সভাপতি আব্দুল খালেক ও বারসিকের জেন্ডার অ্যাডভাইজার খাদিজা সুলতানা লোপা ।

গ্রিন কোয়ালিশনের মানিকগঞ্জ সদর উপজেলা কমিটির সদস্য আসমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারসিকের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস, আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, কর্মসূচি সমন্বয়কারী রাশেদা আক্তার এবং স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্টের সমন্বয়ক খালেদা মাহবুব ছন্দা ।

বারসিক কর্মকর্তা আয়েশা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীদের মধ্যে বক্তব্য দেন আঁখি আক্তার, ফাতেমা বেগম ও পারভীন বেগম ।

অনুষ্ঠানে দেশীয় বীজ ও অপ্রচলিত উদ্ভিদের বৈচিত্র্য, গ্রামীণ খাবার ও পিঠা, কৃষি উপকরণ এবং নারীদের উদ্ভাবিত কৃষিপ্রযুক্তি প্রদর্শন করা হয়। পাশাপাশি গ্রামীণ নারীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “গ্রামীণ নারীদের জ্ঞান, শ্রম, অধিকার ও অবদানের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । একই সঙ্গে কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই গ্রামীণ উন্নয়নে নারীদের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে ।”

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com