কুড়িগ্রামে নানা আয়োজনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে নানা আয়োজনে উদ্‌যাপিত হয়েছে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঘোষপাড়ার মোল্লা মার্কেটে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালবেলার কুড়িগ্রাম প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তারা বলেন, গণমানুষের কথা তুলে ধরা এবং জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র প্রকাশে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

কালবেলার কুড়িগ্রাম প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু বলেন, জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে মানুষের পাশে থাকতে চান তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া এবং সঠিক তথ্য যাচাই করা জরুরি।

জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্ব দেন। আর অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা বলেন, কালবেলা জনমানুষের কণ্ঠস্বর তুলে ধরছে।

আলোচনা সভা শেষে কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com