রংপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের মামলায় প্রধান অভিযুক্ত মো. সাঈদ মিয়াকে (১৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (১১ অক্টোবর) রাতে ঢাকা জেলার সাভার থানাধীন রংপুরিয়া বাজার (রাজফুলবাড়ীয়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) এসআরবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার সাঈদ মিয়া রংপুরের মিঠাপুকুর থানার গিরাই গ্রামের হাফিজার রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। গত ১১ জুন ফুফুর বাড়িতে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। পরে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিবারের সদস্যরা কিশোরীকে খোঁজাখুঁজি করার একপর্যায়ে তার বাবা জানতে পারেন, ওই দিন বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে সাঈদ মিয়া কয়েকজন সহযোগীকে নিয়ে একটি অটোরিকশায় করে কিশোরীকে অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় কথা বলতে কিশোরীর বাবা অভিযুক্তের বাড়িতে গেলে সাঈদের বাবা-মা কিশোরীর সঙ্গে সাঈদের বিয়ের কথা বলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে কিশোরীর পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা গত ১১ অক্টোবর মিঠাপুকুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১৩।
এসআরবি জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-৪, মানিকগঞ্জের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। রোববার রাত ১০টা ৪০ মিনিটে সাভারের রংপুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত সাঈদ মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসআরবির অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।