ঘিওরে রবিন টিচিং হোমের ১৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে রবিন টিচিং হোম থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১০ অক্টোবর) উপজেলা সদরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয় ।
সকাল ১১টায় শুরু হওয়া দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী ।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রবিন শেখের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার, ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মফিকুল ইসলাম, ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুমা আল মামুন এবং উপজেলা যুবদল নেতা মেহেদি হাসান শীতল প্রমূখ । মোঃ শামছুল আলম হুরমত অনুষ্ঠান সঞ্চালন করেন ।
প্রতিষ্ঠাতা পরিচালক রবিন শেখ জানান, ২০১৯ সালে প্রতিষ্ঠিত রবিন টিচিং হোমে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে । এটি প্রতিষ্ঠানের তৃতীয় বার্ষিক আয়োজন । ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১৭ শিক্ষার্থীর মধ্যে ১৪ জন বৃত্তি পেয়েছে । তাদের মধ্যে ১০ জন ট্যালেন্টপুলে এবং চারজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ।
রবিন শেখের দাবি, ঘিওর উপজেলার অন্যান্য টিচিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৃত্তি অর্জনে এটি সর্বোচ্চ ফল । এ ছাড়া বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্য পুস্তক নির্ভর পড়াশোনায় সীমাবদ্ধ রাখলে চলবে না । তাদের সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরি করতে হবে । এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করে ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন ।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন
মহালছড়িতে কাব স্কাউটের তাবু জলসা: আনন্দ-উচ্ছ্বাসে নেতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা
মসজিদে দলীয় রাজনীতি নয়, ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদের
কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ বজলুর রহমানের সমর্থনে কর্মী সমাবেশ