পঞ্চগড়ে ২০৩ কোটি টাকায় দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণে সবুজ সংকেত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম
সঞ্জু বনিক সৌরভ | পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় | ৭ অক্টোবর ২০২৬
পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বহুল প্রত্যাশিত দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। এতে জেলার যোগাযোগব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হওয়ার পাশাপাশি পঞ্চগড় শহরের ওপর দিয়ে চলাচলকারী ভারী যানবাহনের চাপ কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর (নিজবাড়ী)-আটোরখাড়ি-ময়নাগুড়ি-আমতলী-মিরগড়-পঞ্চগড় (জেড-৫০৬০) সড়কের ১৫তম কিলোমিটারে নির্মিত হবে বহুল প্রত্যাশিত দ্বিতীয় করতোয়া সেতু। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা।
পঞ্চগড় সড়ক বিভাগ জানিয়েছে, ভজনপুর থেকে ১৫ কিলোমিটার এবং পঞ্চগড় জেলা শহর থেকে ২.৫ কিলোমিটার পশ্চিমে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকার করতোয়া নদীতে নির্মিত হবে এই সেতু। ২৪৮.৪৪ মিটার দীর্ঘ সেতু নির্মাণে কারিগরি কারণে ব্রিজটি স্টিল নেটওয়ার্ক আর্চ হিসেবে ডিজাইন করা হয়েছে।
সেতু নির্মাণসহ প্রাক্কলিত ব্যয়ের মধ্যে রয়েছে ব্রিজের দুই পাড়ে নদীশাসন, মাটি ভরাট ও ভূমি অধিগ্রহণের ব্যয়। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে অক্টোবর ২০২৬ থেকে জুন ২০৩০ পর্যন্ত। পরিকল্পনা বিভাগের ৫ অক্টোবরের একনেক সভার নোটিশেও প্রকল্পটির নাম ও বাস্তবায়নকাল উল্লেখ করা হয়।
সেতু নির্মাণ প্রকল্পের পাশাপাশি ভজনপুর থেকে পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা গোলচক্কর পর্যন্ত ১৭ দশমিক ৪০৫ কিলোমিটার সড়ক নির্মাণে ডিপিপি তৈরির কাজও শুরু করেছে সড়ক বিভাগ। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।
সেতু ও সড়ক নির্মাণের কাজ শেষ হলে ২০৩০ সালের ৩০ জুন থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিকৃত পণ্যবাহী যানবাহনসহ তেঁতুলিয়া থেকে বালি ও পাথরবাহী ট্রাক, পিসি পোল, রেলওয়ে স্লিপার এবং বিভিন্ন মালবাহী ট্রাক পঞ্চগড় শহরের ওপর দিয়ে না গিয়ে নতুন এই সেতু ব্যবহার করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করতে পারবে।
একই সঙ্গে পঞ্চগড়ের চা, পাথর ও কৃষিপণ্য দ্রুত ও কম খরচে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় কৃষকদের আয় বাড়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পঞ্চগড়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী বলেন, ২০৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা অনেকটাই কমবে এবং সড়ক যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে।